Sylhet Today 24 PRINT

সিলেট থেকে নিখোঁজ ৪ শিশু রাজধানীর হোটেল থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ০৩ নভেম্বর, ২০২৫

সিলেট থেকে নিখোঁজ হওয়া চার শিশুকে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি হোটেল থেকে উদ্ধার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ।

উদ্ধার হওয়া শিশুরা হলো— তানিম আহাম্মেদ (১২), আব্দুল হাকিম (১২), তামিম (১২) ও সুহিন মিয়া (১৩)।

সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টায় এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, রোববার (২ নভেম্বর) সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার একটি অধিযাচনপত্রের ভিত্তিতে শাহজাহানপুর থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিকেল আনুমানিক সাড়ে ৫টায় রেলওয়ে কলোনির একটি হোটেলে অভিযান পরিচালনা করে চারজন শিশুকে উদ্ধার করে।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে শিশুরা জানায়, তারা সিলেট থেকে ট্রেনে ঢাকার কমলাপুর রেলস্টেশনে এসে পথ হারিয়ে ফেলে। এরপর গত ছয় দিন ধরে তারা হোটেলে হোটেল বয় হিসেবে কাজ করছিল। উদ্ধারের পর শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের প্রকৃত অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.