Sylhet Today 24 PRINT

তবে কি স্বতন্ত্র এমপি প্রার্থী হচ্ছেন রাহেনা বেগম?

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী)

নিজস্ব প্রতিবেদক, সিলেট |  ০৮ নভেম্বর, ২০২৫

রাহেনা বেগম। ছবি: সংগৃহীত ।

১৯৯৩ সালের দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে যাত্রা শুরু করেন রাহেনা বেগম। শিক্ষাজীবন শেষে তিনি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার মতো মহান পেশায় নিজেকে নিয়োজিত করেন। শিক্ষকতা করতে করতেই ২০০১ সালে নবগঠিত বড়লেখা পৌরসভায় সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং প্রথম নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

পরবর্তীতে ২০০৯ সালের পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করেন। মানুষের কল্যাণে নিবেদিত থাকার উদ্যম তাঁকে জনপ্রিয়তার শীর্ষে তুলে আনে। পাশাপাশি দীর্ঘ সময় শিক্ষকের দায়িত্ব পালন করলেও পাঠদান করিয়েছেন বিনা বেতনে। জনগণের সেবায় অধিক সময় দিতে ২০১৯ সালের দিকে তিনি শিক্ষকতা পেশা থেকে অব্যাহতি নেন।

সময়ের পরিক্রমায় তিনি চার দফায় বড়লেখা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বড়লেখা পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক জেলা মহিলা বিএনপির সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে শিকার হয়েছেন রাজনৈতিক প্রতিহিংসার। তবুও থেমে থাকেননি। বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের সময় দলীয় কর্মসূচি সহ বড়লেখায় সকল আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখায় তাঁর বিরুদ্ধে দুটি রাজনৈতিক মামলা হয়—একটি এম ইলিয়াস আলী গুমের পরবর্তী সংঘর্ষের ঘটনায় এবং অপরটি ২০১৫ সালের গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায়।

২০১৫ সালের গণতন্ত্র হত্যা দিবসের ওই কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, বড়লেখা উপজেলা বিএনপির কার্যালয়ের (তৎকালীন) সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের পুলিশি গ্রেপ্তার থেকে রক্ষা করতে গিয়ে পুলিশের ব্যাপক লাঠিচার্জের শিকার হন রাহেনা বেগম। এ কর্মসূচিতে বিএনপির আরেক নেতা বড়লেখা পৌরসভার সাবেক মেয়র প্রভাষক ফখরুল ইসলামও পুলিশের লাঠিচার্জের শিকার হন। একই কর্মসূচিতে অংশ নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় পঙ্গুত্ববরণ করেন যুবদল নেতা নুরুল তাপাদার।

বিরোধী দলে থাকাকালীন দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের অগ্রভাগে থাকা রাহেনা বেগমের রাজনৈতিক জীবনে হঠাৎ স্থবিরতা নামে ২০২৪ সালে। ওই বছর বড়লেখা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর দল তাঁকে বহিষ্কার করে। এরপর থেকে তিনি দলীয় কর্মকাণ্ডে না থাকলেও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ও সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, যা তাঁকে আরও জনপ্রিয় করে তুলেছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির সু-সময়ে অনেকেই দলে ফিরে এসেছেন। বিগত স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষে সরাসরি প্রচারণায় অংশ নেওয়া ব্যক্তিরাও দলে স্থান পেয়েছেন এবং গুরুত্বপূর্ণ পদও লাভ করেছেন। কিন্তু দলের দুর্দিনে বড়লেখায় আন্দোলন-সংগ্রামে অগ্রভাগে থাকা নেত্রী রাহেনা বেগমের উপর থেকে এখনও বহিষ্কারের খড়গ সরেনি। দলের ‘সুদিনে’ তিনি বঞ্চিত! দলীয় কার্যক্রম থেকে বিরত থাকলেও তিনি সাধারণ মানুষের পাশে থেকে সেবা ও সহযোগিতা অব্যাহত রেখেছেন। উপজেলা সদর থেকে শুরু করে প্রান্তিক এলাকার মানুষের কাছে তাঁর এই নিরলস কাজই তাঁকে আরও জনপ্রিয় করে তুলেছে।

গত ৪ নভেম্বর সারাদেশে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থীর তালিকা প্রকাশের পর আবারও আলোচনায় উঠে আসেন রাহেনা বেগম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত—এমন পোস্ট ভাইরাল হলে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়; তিনি কি বিদ্রোহী নাকি স্বতন্ত্র প্রার্থী?

এই প্রসঙ্গে সিলেটটুডেকে দেওয়া সাক্ষাৎকারে রাহেনা বেগম বলেন, “আমি রাজনীতি করি সাধারণ মানুষের কল্যাণে। জনগণই আমাকে ২০০১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বারবার নির্বাচিত করেছেন। আমি জনগণের রায়ের মর্যাদা রাখতেই কাজ করেছি। জুড়ী-বড়লেখার আমার প্রিয় ভোটার, তৃণমূল নেতাকর্মীদের অনবরত চাপ রয়েছে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য। আমি তাঁদের অনুরোধ এবং জনগণের আশা-আকাঙ্ক্ষাকে বিনয়ের সাথে সম্মান করি। বর্তমানে আমি কোনো রাজনৈতিক দলের শৃঙ্খলে আবদ্ধ নই। তাই দলের সিদ্ধান্ত উপেক্ষার প্রশ্ন আসে না। বলা যায়, আমি এখন সাধারণ মানুষের দলের একজন কর্মী। আমাকে বিদ্রোহী প্রার্থী বলা ঠিক নয়; স্বতন্ত্র প্রার্থী বলা বেশি সঠিক হবে। তবে এখনো নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। তফসিল ঘোষণার পর ভোটার, সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও মুরব্বিদের সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নেব। আমার জন্য দোয়া করবেন।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.