নিজস্ব প্রতিবেদক | ১৫ নভেম্বর, ২০২৫
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সভাপতি মিসবাউল করিম রফিক (৩০) গ্রেপ্তার হয়েছেন।
গতকাল শুক্রবার রাত ৯টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব ও পুলিশের যৌথ দল।
শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি ছিলেন রফিক। ওই ঘটনার পর তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়। পরবর্তীতে যৌথ অভিযানে তাকে আটক করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত রফিককে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ছাত্রলীগ বর্তমানে নির্বাহী আদেশে নিষিদ্ধ রয়েছে।