Sylhet Today 24 PRINT

যুক্তরাজ্য থেকে ফের সিলেটে ব্যারিস্টার সালাম

সিলেটটুডে ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০২৫

সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন দলটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার এম এ সালাম। তবে দলীয় মনোনয়ন না পেয়ে যুক্তরাজ্য ফিরে যান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই উপদেষ্টা।

গত প্রায় দুই সপ্তাহ যুক্তরাজ্যে অবস্থান করে ফের সিলেটে ফিরেছেন এমএ সালাম। রোববার যুক্তরাজ্যে সফর শেষে দেশে ফিরেই হযরত শাহজালাল রহ এর মাজার জিয়ারত ও বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন তিনি।

রোববার বেলা ৪ টায় মাজার প্রাঙ্গনে আয়োজিত এই কর্মসূচীতে সিলেট ৩ আসনের অন্তর্গত বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় ব্যারিস্টার সালাম বলেন, তারেক রহমানের নির্দেশে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, দেশের মানুষ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বর্তমান সরকারকে জনগণের ভাষা এবং চাওয়াকে প্রাধান্য দিয়ে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার সালাম বলেন, তারেক রহমান খুব দ্রুত দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশ নেবেন।

পরে সিলেট ৩ আসনের অন্তর্গত দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও সিটি করেপারেশেনের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মাজার এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও বিক্ষোভ মিছিলে অংশ নেন তিনি।

গত ৩ নভেম্বর বিএনপি আগামী সংসদ নির্বাচনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করে। এতে সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিকের নাম ঘোষণা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.