নিজস্ব প্রতিবেদক | ১৮ নভেম্বর, ২০২৫
জুলাই আন্দোলনের মামলায় মাদ্রাসা শিক্ষকসহ দুজনকে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ
সিলেট জালালাবাদ থানা পুলিশের অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মামলায় এক মাদ্রাসা শিক্ষকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জালালাবাদ থানাধীন নলকট এলাকার মাওলানা আবুল বাশার (৪২) ও আখালিয়া এলাকার মোঃ রাজা মিয়া (৩৮)। এদের মধ্যে আবুল বাশার স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক।
সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে জালালাবাদ থানাধীন সোনাতলা বাজার হতে অভিযান চালিয়ে জুলাই আন্দোলনে হামলার ঘটনায় বিস্ফোরক মামলার আসাসি আবুল বাশার (৪২) কে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে আখালিয়া নয়াবাজার এলাকা হতে একই মামলার সন্দেহভাজন আসামি মো. রাজা মিয়া (৩৮) কে গ্রেপ্তার করা হয়।
মহানগর পুলিশের অতিরক্তি উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তাররকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অনেকে। গ্রেপ্তারের ছবিসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে আবুল বাশারকে নীরিহ উল্লেখ করে তাকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন।
ওই পোস্টে হেলাল আহমদ নামে একজন মন্তব্য করেছেন- ‘মাওলানা আবুল বাশার একজন শিক্ষক। তিনি হাজারো ছাত্রের প্রিয় শিক্ষক। সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকেন। তাঁকে গ্রেফতারের জন্য রাত ৩:২৫ মিনিটে যেতে হবে কেন? এখানে কোথাও ভুল হচ্ছে। আমি নিরীহ এই শিক্ষকের মুক্তি চাই।’
সাংবাদিক নুর আহমদ লিখেছেন- ‘এটা পুরোপুরি হিংসাত্মক। কেউ একজন পিছনে রয়েছে। না হয় সরাসরি ছাত্র জনতার উপর হামলা কারীরা প্রকাশ্যে ঘুরলেও একজন সম্মানিত শিক্ষক গ্রেপ্তার হন কেমনে। এর তীব্র নিন্দা জানাই।’