Sylhet Today 24 PRINT

সিলেটে হাফপেন্ট বাহিনীর ডাকাতি, জনতার ধাওয়ায় আটক ১

সিলেটটুডে ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০১৬

সিলেটে এক স্পেন প্রবাসীর বাসাসহ একই ভবনের দু’টি বাসায় ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা এ সময় ইউরো, নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুটে নেয়।

বুধবার (১০ ফেব্রুয়ারি) ভোররাতে সিলেট সদরের খাদিমপাড়ার সৈয়দপুর এলাকায় সাহেদ আহমদ ও জাহেদ আহমদের বাসায় ডাকাতির এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানান, ২০/২৫ জনের ডাকাতদল বাসার কলাপসিবল গেটের তালা ও দরজা ভেঙে ভবনের নিচ তলায় সাহেদ আহমদের বাসায় ঢুকে লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ১০ ভরি স্বর্ণ, ৩ লাখ টাকা মূল্যমানের ৩ হাজার ইউরো ও নগদ ৫০ হাজার টাকা লুটে নেয়।

এরপর ডাকাতরা ওই বাসার নিচতলার লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে বাসার দোতলার দরজা খুলিয়ে ওই বাসাতেও ডাকাতি করে।

দোতলার বাসিন্দা জাহেদ আহমদ বলেন. ডাকাতরা তার বাসায় রক্ষিত ১৫ ভরি স্বর্ণ ও নগদ ৮০ হাজার টাকা এবং মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। ডাকাতদের সকলের পরনে হাফ প্যান্ট ছিলো বলে জানান তিনি।

এদিকে, ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় বাসার বাসিন্দাদের আর্তচিৎকারে স্থানীয়রা ডাকাতদের ঘেরাও করে এক ডাকাতকে আটক করতে সক্ষম হন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা মামুন আহমেদ।

সিলেট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জনতা এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তার কাছ থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, লুট হওয়া মালামাল ও ডাকাতদের ধরতে চারিদিকে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.