Sylhet Today 24 PRINT

বক্তব্যে সময় ‘ভূয়া ভূয়া’ ধ্বনি: ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগ এমএ মালিকের

নিজস্ব প্রতিবেদক |  ২৮ নভেম্বর, ২০২৫

নিজের বক্তব্যের একটি ভিডিওকে এডিটের মাধ্যমে বিকৃত করে প্রচারের অভিযোগ তুলেছেন সিলেট-৩ আসনের বিএনপির প্রার্থী এমএ মালিক।

যুক্তরাজ্য বিএনপির এই সভাপতি গত মঙ্গলবার নিজের আসনের ফেঞ্চুগঞ্জে মাইজগাঁও ইউনিয়নের শরীফগঞ্জ জামেয়া মাদানিয়া হিফজুল কোরআন মাদ্রাসার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ফেসবুকে ছড়িয়ে পড়া ওই বক্তৃতার একটি ভিডিওতে দেখা যায়- সভায় এম এ মালিক তার বক্তব্যের শেষের দিকে যখন আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ‘এই এলাকায় ধানের শিষের পক্ষে নির্বাচন করার জন্য আশা করছি’- বলে ঘোষণা দেন, তখনই ‘ভুয়া ভুয়া’ শ্লোগান উঠে। এসময় তাকে দ্রুততার সাথে বক্তব্য শেষ করতে দেখা যায় ভিডওতে।

তবে এই ভিডিও এডিট করে বিকৃতভাবে ছড়ানো হয়েছে অভিযোগ করেছেন এমএ মালিক। বৃহস্পতিবার রাতে সিলেটটুডেতে এমএ মালিকের প্রেসসচিব আশরাফুল ইসলাম ইমরান পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ইউনিয়নের শরীফগঞ্জ জামেয়া মাদানিয়া হিফজুল কোরআন মাদ্রাসা কর্তৃপক্ষের আমন্ত্রণে গত মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে ওয়াজ মাহফিলে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি, সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিক। মাহফিলে দেশের প্রখ্যাত আলেম মাওলানা নজরুল ইসলাম কাসেমী বয়ান রাখছিলেন। দীর্ঘসময় ধরে চলা তাৎপর্যপূর্ণ বয়ানের শেষে তিনি মোনাজাত পরিচালনা করেন।

মোনাজাত শেষে মাদরাসা কর্তৃপক্ষের বিশেষ অনুরোধে সংক্ষিপ্ত বক্তব্য দেন এম এ মালিক। বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করার আহ্বান জানান।

এতে বলঅ হয়- কিন্তু এই বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন এম এ মালিক। ছড়িয়ে পড়া ভিডিওতে তার বক্তব্যকে ভুলভাবে কাটছাঁট ও এডিটিং করে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ধর্মীয় মাহফিলের মতো পবিত্র অনুষ্ঠানে দেওয়া আমার বক্তব্যকে বিকৃত করে জনমনে ভুল বার্তা ছড়ানো অত্যন্ত ন্যাক্কারজনক। ভিডিওটি সম্পূর্ণ এডিটিং করা। এ ধরনের অপপ্রচার কোনভাবেই কাম্য নয়।

তিনি আরও জানান, জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে চালানো এ ধরনের অপপ্রচার ব্যর্থ হবে। সত্য সবসময় সত্যই থাকে এবং জনগণ বিভ্রান্তিকর তথ্য গ্রহণ করে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.