সিলেটটুডে ডেস্ক | ২৮ নভেম্বর, ২০২৫
চা শ্রমিক ও পাত্র জনগোষ্ঠীর উদ্যোগে সিলেটে অনুষ্ঠিত হয়েছে এডুকেশন ফেয়ার। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সিলেটের দলদলি চা বাগানের দলদলি টিলায় এই এডুকেশন ফেয়ার অনুষ্ঠিত হয়। এডুকেশন ফেয়ারে চা শ্রমিক ও পাত্র জনগোষ্ঠীর নারী, যুবক, স্কুল ও কলেজের শিক্ষার্থী যারা একডো'র বিভিন্ন প্রকল্পের সাথে যুক্ত তাদের আয়োজনে এই এডুকেশন ফেয়ার কর্মসূচীর আয়োজন করা হয়।
একডো'র প্রকল্প সমন্বয়কারী তাসনিম চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন বয়সের পাত্র ও চা-জনগোষ্ঠীর নারী পুরুষগণ একডো'র বিভিন্ন কর্মসূচি থেকে তাদের মানবাধিকার থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে অর্জিত জ্ঞানের চর্চা করেন এবং একডো'র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এছাড়া প্রশিক্ষণ পরবর্তী চা শ্রমিক ও পাত্র সম্প্রদায়ের অধিকার আদায়ে তাদের বিভিন্ন সফলতার দিক নিয়ে আলোচনা করেন।
এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট (একডো) এর সহযোগিতায় অনুষ্ঠিত এই এডুকেশন ফেয়ারে হিলুয়াছড়া, মালনীছড়া, কেওয়াছড়া, লাক্কাতুরা, দলদলি চা বাগানের চা শ্রমিক এবং আলাইবহর, ভাড়ারহাট, সিদাইয়েরগুল, কুশাল, পাইকপাড়া থেকে পাত্র সম্প্রদায়ের প্রায় দু'শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।
এডুকেশন ফেয়ারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এথনিক কমিউনিটি ডেভলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি, দলদলী চা বাগানের পঞ্চায়েত সভাপতি মিন্টু দাস, নারী মঞ্চের সভাপতি সুমি নায়েক, আলাইবহর এডুকেশন সাপোর্ট সেন্টারের সভাপতি নিবারণ পাত্র।
এডুকেশন ফেয়ারে চা শ্রমিকদের পক্ষ থেকে ঝুমুর নাচ, গান ও চা শ্রমিকদের বঞ্চনার বিভিন্ন দিক তুলে ধরে 'সবুজ বৃক্ষের নীল কষ্ট’ নামের একটি পথ নাটক পরিবেশন করা হয়। এবং পাত্র সম্প্রদায়ের পক্ষ থেকে আলাইবহর পাত্র গ্রামের শ্যামলী পাত্র, পাত্র ভাষায় তার নিজের লেখা গান পরিবেশন করেন।এছাড়া তারা শ্রম আইন ও নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে তাদের সন্তানদের লেখাপড়া করানোর ব্যাপারে ঐক্যবদ্ধ হন। তাছাড়া এবছর মাধ্যমিক পাস করে কলেজ পড়ুয়া চা বাগানের ১১ শিক্ষার্থীকে সবার সাথে পরিচয় করিয়ে দেন।
একডো'র সহযোগিতায় সম্প্রতি গঠিত নারী চা শ্রমিকদের সংগঠন চা-শ্রমিক নারী মঞ্চের সভাপতি সুমি নায়েক বলেন, আমরা কয়েকজন একডোসহ বিভিন্ন এনজিওর মাধ্যমে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়েছি। এই সচেতনতা আমরা সকল চা শ্রমিকদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। তাই আমাদের এই এডুকেশন ফেয়ারের আয়োজন।
এথনিক কমিউনিটি ডেভলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ বলেন, আমাদের প্রজেক্ট চলাকালীন আমরা তাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছি। এখন প্রজেক্ট শেষ হলেও তারা নিজেদের ঐক্যবদ্ধ রেখেছেন। আজকের এই এডুকেশন ফেয়ারের আয়োজন তারা নিজেরাই করে আমাদের দাওয়াত দিয়েছেন। এটাই আমাদের কাজের সফলতা।