Sylhet Today 24 PRINT

এবার নয়াসড়কে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, একজনের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক |  ২৮ নভেম্বর, ২০২৫

সংঘর্ষের পর সড়কে পড়ে আছে রক্তের দাগ।

সিলেট নগরের নয়াসড়ক এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে নয়াসড়ক এলাকার হাওয়াপাড়া গলির মুখে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই পক্ষের কিশোররা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে একজন কিশোর গুরুতর আহত হয়। আহত কিশোরকে তার সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত সিএনজি অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যায়। তবে তার নাম ও পরিচয় জানা যায়নি।

সন্ধ্যার পর ঘটনাস্থলে গিয়ে সড়কে রক্ত পড়ে থাকতে দেখা গেছে। তবে কাউকে পা্ওয়া যায়নি।

কাজিটুলা এলাকা ও জেলরোড এলাকার কিশোরদের মধ্যে স্কুল কেন্দ্রীক পূর্ব শত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

সিলেট মহানগর পুলিশের নগর বিশেষ শাখার (সিটিএসবি) উপ কমিশনার মো. তারেক আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে, দুই কিশোর গ্রুপের আগের কিছু বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি, প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলা হচ্ছে। খুব দ্রুতই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিশোর অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।’

এরআগে গতরাতে নগরের বাদামবাগিচায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের বিরোধে একজন ছুরিকাহত হয়। শুক্রবার সকালে মারা যায় শাহ মাহমুদ হাসান তপু (১৫) নামের ওই কিশোর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.