Sylhet Today 24 PRINT

৩ মাসের মধ্যে ফের কোম্পানীগঞ্জ থানার ওসি বদলি

নিজস্ব প্রতিবেদক |  ০২ ডিসেম্বর, ২০২৫

ওসি মো. রতন শেখ ও মো. শফিকুল ইসলাম।

সাদাপাথর লুট কান্ডে প্রায় তিন মাস আগে সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলি করা হয় তখন দায়িত্ব দেওয়া হয় মো. রতন শেখকে। তিন মাস না যেতেই আবার এ থানার ওসি পদে বদল করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, সম্প্রতি লটারির মাধ্যমে মোট ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। এতে কোম্পানীগঞ্জসহ সিলেটের ৩৯টি থানাও রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি হয়েছেন সুনামগঞ্জ জেলার ছাতক থানার ওসি মো. শফিকুল ইসলাম খান। আর রতন শেখকে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

তবে এ ব্যাপারে এখনও কোন নির্দেশনা পাননি বলে জানিয়েছেন রতন শেখ ও শফিকুল ইসলাম।

এর আগে ৩১ আগস্ট সিলেটে সাদা পাথর লুটকাণ্ডে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পর কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনানকে বদলি করা হয়। তারস্থলে নিয়োগ পান মো. রতন শেখ।

মো. শফিকুল ইসলাম খানও গত আগস্ট মাসে ছাতক থানার ওসি হিসেবে যোগ দিয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.