Sylhet Today 24 PRINT

এশিয়ার বৃহত্তর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সামিট বিবিয়ানা প্লান্টে অগ্নিকাণ্ড

নবীগঞ্জ প্রতিনিধি |  ০৬ ডিসেম্বর, ২০২৫

হবিগঞ্জের নবীগঞ্জে এশিয়ার বৃহত্তর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর অন্যতম সামিট বিবিয়ানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রের বিবিয়ানা-১ ইউনিটের নিকটবর্তী একটি খালি স্থানে হঠাৎ আগুন দেখা দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, খালি জায়গাটিতে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত পরিত্যক্ত ফিল্টার, বিভিন্ন মালামাল ও শুকনো ঘাস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ফায়ার সার্ভিস টিম ও নবীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। লিডার হাবিব মিয়ার নেতৃত্বে দুই দলের সমন্বিত প্রচেষ্টায় প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর সহকারী প্রধান প্রকৌশলী মাহমুদুল হাসান জানান, অগ্নিকাণ্ডের কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ধারণা করা হচ্ছে অসাবধানতাবশত সিগারেটের আগুন থেকেই এ আগুনের সূত্রপাত হতে পারে।

সময়মতো উদ্ধারকাজ পরিচালনা করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.