Sylhet Today 24 PRINT

পদায়নের দুইদিন পরই গোয়াইনঘাটের ওসি আব্দুল আহাদকে চট্টগ্রামে বদলি

নিজস্ব প্রতিবেদক |  ০৭ ডিসেম্বর, ২০২৫

সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়নের মাত্র দুদিন পর পুলিশ কর্মকর্তা আব্দুল আহাদকে চট্টগ্রামে বদলি করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) অতিরিক্ত আইজি (প্রশাসন) সাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো. আব্দুল আহাদকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়।

এরআগে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) সারাদেশের সব থানার ওসির সাথে গোয়াইনঘাট থানার ওসিও বদল করা হয়। গোয়াইনঘাট থানাি ওসির দায়িত্ব পান আব্দুল আহাদ। যিনি আগেও এই থানার ওসির দায়িত্বে ছিলেন। তার আগের দায়িত্ব পালনকালীন সময়ে কিছু ঘটনার প্রেক্ষিতে নতুন করে আব্দুল আহাদকে গোয়াইনঘাটের ওসি করায় ফেসবুকে সমালোচনা করেন কেউ কেউ। এরমধ্যেই আহদেকে চট্টগ্রামে বদলি করা হয়।

বৃহস্পতিবার পুলিশ সদর দফতরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি (আব্দুল আহাদ) যদি নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করেন, তবে ৭ ডিসেম্বর থেকে তাৎক্ষণিক অব্যাহতি নির্দেশনা রয়েছে।


আব্দুল আহাদ ২০১৯ সালে গোয়াইনঘাট থানার ওসির দায়িত্বে থাকা অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পান। তার নেতৃত্বে থানা এলাকায় অপরাধ দমন কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। তবে ২০২১ সালে তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়ের এবং মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ থাকায় বিতর্কের জন্ম হয়।

এরআগে মঙ্গলবার (২ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, সম্প্রতি লটারির মাধ্যমে মোট ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন করা হয়। এই তালিকায় সিলেটের ৩৯টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নাম ছিলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.