Sylhet Today 24 PRINT

সুইমিং পুলে পানি নেই, আছে আবর্জনা

সিলেটের একমাত্র সরকারি সুইমিং পুল এখন ভাগাড়

নিজস্ব প্রতিবেদক |  ১০ ডিসেম্বর, ২০২৫

সিলেটের একমাত্র সরকারি সুইমিং পুল এখন আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে নগরের মেন্দিবাগের সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সের (সাবেক আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স) এই সুইমিং পুলটি।

তবে সম্প্রতি এই সুইমিং পুলটি সংস্কার করে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিস্টরা জানিয়েছেন।

জানা যায়, প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নগরের মেন্দিবাগ এলাকার নির্মিত হয় ক্রীড়া কমপ্লেক্স। ২০১৪ সালে এর উদ্বোধন করেন সাব্কে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এই ক্রীড়া কমপ্লেক্সে রয়েছে ব্যাডমিন্টন কোর্ট, জিমনেসিয়াম, কাবাডি কোর্ট, ফুটবল মাঠ, আবাসিক হোস্টেল, লং টেনিস কোর্ট, সুইমিং পুল প্রভৃতি।

উদ্বোধনের কিছুদিন পর চালু করা হয় এখানকার সুইমিং পুল। কিছুদিন জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এটি চালু করা হলেও পরে বেসরকারি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া হয় তবে তাদের বিরুদ্ধে সুইমিং পুল পরিচালনায় অব্যবস্থাপনাসহ নানা অভিযোগ ছিলো।

ওই বেসরকারি প্রতিষ্ঠানের ইজারার মেয়াদ শেষ হওয়ার পর আর নবায়ন করেনি। এরপর থেকেই বন্ধ রয়েছে সুইমিং পুলটি। মাঝখানে কিছুদিন সাঁতারের বদলে কনসার্টসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়েছে এখানে। এতে করে অপ্রতুল জলাশয়ের এই নগরে সাঁতারের সুযোগ আরও সংকুচিত হয়ে এসেছে।

সংশ্লিস্ট সূত্রে জানা যায়, ২০২২ সালের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় এই সুইমিং পুল। সেবছর বন্যায় পুরো তলিয়ে যায় ক্রীড়া কমপ্লেক্সটি। এতে নষ্ট হয়ে যায় সুইমিং পুলের বিভিন্ন যন্ত্রপাতি। এরপর থেকেই এটি ব্যবহার অনুপযোগী অবস্থায় পড়ে আছে।

মঙ্গলবার সরেজমিনে ক্রীড়া কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, সুইমিং পুলে কোন পানি নেই। স্থানে স্থানে ময়লা-আবর্জনা জমে আছে। নষ্ট অবস্থায় পড়ে আছে বিভিন্ন জিনিসপত্র, অবকাঠামো ও যন্ত্রপাতি। সুইমিং পুলের বাথরুমগুলোও ব্যবহার অনুপযোগী হয়ে আছে।

তবে সুইমিং পুলটি আবার সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ইয়াহইয়া ফজল সিলেটটুডেকে বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর এ ব্যাপারে ক্রীড়া পরিষদকে একটি চিঠি দিয়েছিলাম। চিঠির প্রেক্ষিতে তাদের একটি দল কিছুদিন আগে সুইমিং পুলটি পরিদর্শন করে যান।

তিনি বলেন, দেশে আরও কয়েকটি সরকারি সুইমিং পুল এভাবে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। সবগুলোই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি সিলেটেরটি সবার আগে হবে।

মঙ্গলবার এই সুইমিং পুল পরিদর্শন করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ। এসময় তিনি বলেন, এই সুইমিং পুলের অবকাঠামো খুবই ভালো। এটি চালুর ব্যাপারে আমি জেলা প্রশাসক স্যারের সাাথে কথা বলবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.