Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ-১: মঞ্চে ডেকে ‘অপমান করায়’ দলীয় প্রার্থীর সভা বয়কট বিএনপি নেতাদের

সিলেটটুডে ডেস্ক |  ১২ ডিসেম্বর, ২০২৫

মঞ্চে ডেকে নিয়ে অপমান করার অভিযোগে জামালগঞ্জে সুনামগঞ্জ-১ আসনের বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী আনিসুল হকের সভা বয়কট করে চলে এসেছেন জামালগঞ্জ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

বৃহষ্পতিবার বিকেলে সাচনাবাজারে অনুষ্টিত নির্বাচনী সভায় এ ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয়ভাবে ক্ষোভের জন্ম দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহষ্পতিবার বিকেলে আনিসুল হকের নির্বাচনী সভা ছিল। সভাটি সঞ্চালনা করছিলেন উপজেলা বিএনপির একটি বলয়ের নেতা ও যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান। এ সময় উপজেলা বিএনপির অপর বলয়ের প্রভাবশালী নেতাদের নিয়ে মঞ্চে ওঠেন প্রার্থী আনিসুল হক। এসময় সঞ্চালক মঞ্চে যেসব নেতা ওঠেছেন তাদের মঞ্চ থেকে যাওয়ার আহ্বান জানান। এতে ক্ষুব্দ হয়ে সভা বয়কট করে উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, জেলা বিএনপি সদস্য মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সদস্য জুলফিকার চৌধুরী রানা, শামছুজ্জামান, রুবেল, গোলাম রব্বানী আফিন্দীসহ অনেক নেতা নেমে যান।

তারা সঞ্চালকের এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন। পরে প্রার্থীর ভাই এনামুল হক ক্ষুব্দ নেতা কর্মীদের বুঝাতে গেলেও তারা তা শুনেননি।

সভার সঞ্চালক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান বলেন, শাহ মোহাম্মদ শাহজাহান নামের একজন নেতা মঞ্চ দখল করতে চেয়েছিল। বিশৃঙ্খলার চেষ্টা করেছে। তাই আমরা শৃঙ্খলা রক্ষার জন্য মঞ্চ থেকে নেমে যাওয়ার কথা বলেছি।

প্রতিবাদে সভা বয়কটকারী উপজেলা বিএনপির সদস্য জুলফিকার চৌধুরী রানা বলেন, প্রার্থীর সামনে সঞ্চালক আমাদের উদ্দেশ্যে অপমানজনক কথা বলেছেন। দলের সভার বদলে সঞ্চালক বলেছেন তার মিটিং।

তাই আমরা সিদ্ধান্ত নিয়ে সভা বয়কট করে চলে এসেছি। পরে প্রার্থীর ভাই আমাদের বুঝাতে গেলে নেতাকর্মীরা তাকে কথা বলার সুযোগ না দিয়ে বের করে দেন।

বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী আনিসুল হকের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.