Sylhet Today 24 PRINT

পোস্টার অপসারণে নিজেই মাঠে শিশির মনির

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১২ ডিসেম্বর, ২০২৫

নির্বাচনি আচরণবিধির প্রতি সম্মান প্রদর্শন করে নিজের লাগানো পোস্টার নিজ হাতে অপসারণ শুরু করেছেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

গত ১১ ডিসেম্বর রাতে নির্বাচনি তফসিল ঘোষণার পর আচরণবিধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ায় শুক্রবার সকালে তিনি তার নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে ঝুলানো পোস্টার অপসারণ শুরু করেন।

এ সময় তিনি নিজেই পোস্টার ছিঁড়ে ফেলে ভোটার ও সাধারণ মানুষের সামনে আচরণবিধি মেনে চলার বার্তা পৌঁছে দেন।

অ্যাডভোকেট শিশির মনির বলেন, নির্বাচনি আচরণবিধি সবার জন্য সমান। আমি একজন প্রার্থী হিসেবে নিজে থেকেই এগিয়ে থাকতে চাই। তাই বিধি জারির সঙ্গে সঙ্গে আমার সব প্রচার সামগ্রী, লাইটিং, পোস্টার, ফেস্টুন অপসারণের কাজ শুরু করেছি।

শিশির মনির বলেন, একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য যে আইনকানুন জারি হবে তা আমাদের সবার মানতে হবে। যেহেতু রাষ্ট্রের আইন, নতুন আইন আমাদের মানতে হবে। আমার নির্বাচনি দুই উপজেলার সব জায়গায় এসব প্রচার-প্রচারণা ব্যানার যেখানে লাগানো হয়েছে তা আমরা খুলে ফেলব।

শিশির মনির আরও বলেন, আবার যখন প্রচারণার জন্য বলা হবে তখন প্রচারের জন্য পোস্টার লিফলেট লাগাতে পারবেন সবাই। আইনের প্রতি সকলের শ্রদ্ধাশীল হওয়া দরকার।

তার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় ভোটাররা বলেন, নির্বাচনি আচরণবিধি মানতে প্রার্থীর এমন দৃষ্টান্ত অন্যদের জন্যও অনুকরণীয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.