Sylhet Today 24 PRINT

জুড়ীতে চালের ট্রাকে মিলল ৬১ লাখ টাকার ভারতীয় অবৈধ জিরা

জুড়ী প্রতিনিধি |  ১৬ ডিসেম্বর, ২০২৫

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অভিযানে প্রায় ৬১ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ ১৩৫ বস্তা জিরার চালান আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জুড়ী উপজেলাধীন ৫নং জায়ফরনগর ইউনিয়নের তেতুলতলা নামক এলাকা থেকে এগুলো আটক করা হয়। অভিনব উপায়ে চালের ট্রাকে করে অবৈধ ভারতীয় জিরাগুলো পরিবহন করা হচ্ছিল।

এসময় ট্রাক চালক মোঃ ফরহাদ উদ্দিন (২৫) কে আটক করা হয়। ফরহাদ সিলেটের জকিগঞ্জ উপজেলার বিলপাড় গ্রামের দুদু মিয়ার ছেলে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) পরিচালক (অধিনায়ক) লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জুড়ী উপজেলাধীন ৫নং জায়ফরনগর ইউনিয়নের তেতুলতলা নামক এলাকায় বিজিবির বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে চাল ভর্তি একটি ট্রাক আটক করে। এরপর ট্রাক তল্লাশি করে উপরের অংশে বাংলাদেশী চাল এবং চালের নিচে ভারতীয় জিরা পাওয়া যায়। এ সময় ট্রাক চালকের নিকট উক্ত মালামালের বৈধ কাগজপত্র না থাকায় বিজির টহল দল ট্রাকসহ মালামাল জব্দ করে। তল্লাশিকালে অবৈধ ভারতীয় ১৩৫ জিরা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬০ লাখ ৭৫ হাজার টাকা। পাশাপাশি বাংলাদেশী ১০৫ বস্তা চাউল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.