নিজস্ব প্রতিবেদক | ১৯ ডিসেম্বর, ২০২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী শরিফ ওসমান হাদী নিহতের ঘটনায় সিলেটে ভারতীয় সহকারী হাই কমিশনারের কার্যালয়ের ঘেরাওয়ের ডাক দিয়েছে গণ অধিকার পরিষদ।
আজ শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল করে ভারতীয় হাই কমিশন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে দলটি।
শুক্রবার সকালে গণ অধিকার পরিষদের সিলেট জেলা শাখার পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলার অগ্রসৈনিক শরিফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে শুক্রবার বিক্ষোভ মিছিল ও সিলেট ভারতীয় হাইকমিশনার ঘেরাও করা হবে।
নগরের বন্দরবাজার এলাকা কুদরত উল্লাহ জামে মসজিদে জমায়েত হয়ে জুমার নামাজ শেষ হওয়ার সাথে সাথেই মিছিল শুরু করা হবে বলে জানানো হয়।
এদিকে, আজ দুপুর আড়াইটায় সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারে ‘শহীদ শরীফ উসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ, ভারতীয় আধিপত্যবাদ ও পতিত ফ্যাসিস্টের অরাজকতা প্রতিরোধে’ প্রতিরোধ ও বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে।
‘বিপ্লবী সাধারণ ছাত্র- জনতা, সিলেটের’ ব্যানারে এই সমাবেশ ডাকা হয়েছে।