Sylhet Today 24 PRINT

ব্রিটিশ হাইকমিশনারের ওপর হামলার মামলার রায় আজ

সিলেটটুডে ডেস্ক |  ১১ ফেব্রুয়ারী, ২০১৬

প্রাক্তন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর সিলেটে ২০০৪ সালে ২১ মে সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে গ্রেনেড হামলার ঘটনায় দায়েরকৃত মামলার রায় আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে। 

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল ও ডেথ রেফারেন্সের রায়ের জন্য দিনটি ধার্য্য করেন হাইকোর্ট। বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন। 

এদিন আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফয়েজ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মো. মনিরুজ্জামান কবির।
 

হামলার পর ঘটনার দিনই অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করে কোতোয়ালী থানা পুলিশ। মামলার তদন্ত শেষে ২০০৭ সালের ৩১ জুলাই মুফতি হান্নানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর সম্পূরক অভিযোগপত্র দিয়ে মাঈন উদ্দিন ওরফে আবু জান্দালের নাম অন্তর্ভুক্ত করে আবার অভিযোগ গঠন করা হয়।


বিচার শেষে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত মুফতি হান্নান, শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপনকে মৃত্যুদন্ড দেন। মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে মফিজ এবং মুফতি মঈন উদ্দিন ওরফে আবু জান্দালকে দেন যাবজ্জীবন কারাদণ্ড।

নিয়ম অনুসারে মৃত্যুদণ্ড অনুমোদন করতে প্রয়োজনীয় নথি হাইকোর্টে যায়। পাশাপাশি ২০০৯ সালে আসামিরা জেল আপিলও করেন। প্রায় সাত বছর পর গত ৬ জানুয়ারি এ মামলায় হাইকোর্টে শুনানি শুরু হয়।

বুধবার চূড়ান্ত শুনানি শেষে রায়ের জন্য ১১ ফেব্রুয়ারি ধার্য করা হয়। 

উল্লেখ্য, এ হামলায় আনোয়ার চৌধুরী ও সিলেটের তৎকালীন জেলা প্রশাসকসহ প্রায় অর্ধ শতাধিক ব্যক্তি আহত হন। নিহত হন পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.