Sylhet Today 24 PRINT

হাদির মৃত্যুর খবরে সিলেটে মধ্যরাতে বিক্ষোভ, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক |  ১৯ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নগরীর চৌহাট্টা এলাকায় জড়ো হতে থাকে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে বিজয় চত্বরে থেকে তারা মিছিল ও বিক্ষোভ শুরু করেন। এ সময় সিলেট নগরের বিভিন্ন এলাকা থেকে একাধিক মিছিল এসে সেখানে যুক্ত হয়। এদিকে নগরীর বারুতখানা এলাকার প্রথম আলো অফিস ও নগরীর চৌহাট্টা এলাকার আল পাইন রেস্টুরেন্টে ইট-পাটকেল নিক্ষেপ করতেও দেখা গেছে বিক্ষোভকারীদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে একটি বড় মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌহাট্টাস্থ বিজয় চত্বরে ফিরে আসে। পরে বিক্ষোভকারীরা সড়কে বসে পড়েন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিলে অংশগ্রহণকারীরা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবোসহ নানা স্লোগান দেন।

বিক্ষোভ চলাকালে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। বিক্ষোভকারীরা দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.