Sylhet Today 24 PRINT

এবার সিলেটে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সময় নির্ধারণ জেলা প্রশাসনের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক |  ২৩ ডিসেম্বর, ২০২৫

সিলেট শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, বিদ্যুৎ লোডশেডিং কমানো, শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি, মাদকাসক্তি নিয়ন্ত্রণ এবং অপরাধমূলক কর্মকাণ্ড হ্রাসের লক্ষ্যে ব্যবসা প্রতিষ্ঠান খোলা ও বন্ধের সময় নির্ধারণ করে নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (২২ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম সাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সিলেট শহরের নির্দিষ্ট কিছু ব্যবসা প্রতিষ্ঠান প্রতিদিন নির্ধারিত সময় অনুযায়ী বন্ধ রাখতে হবে।

নির্দেশনা অনুযায়ী— হোটেল-রেস্তোরাঁ, আবাসিক হোটেল, ওষুধের ফার্মেসি, হাসপাতাল ও ক্লিনিকসমূহ সার্বক্ষণিক খোলা থাকবে।

মিষ্টির দোকান, শাক-সবজি ও মাছের বাজার রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) মাজার সংলগ্ন এলাকার স্যুভেনির শপসমূহ রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে।

অন্যান্য সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত ৯:৩০ টা পর্যন্ত খোলা থাকবে।

আদেশে আরও উল্লেখ করা হয়, এ নির্দেশনা সরকারি আদেশ হিসেবে গণ্য হবে এবং তা অবিলম্বে কার্যকর হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এরআগে একইদিনে সোমবার (২২ ডিসেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, খাবার হোটেল, রেস্তোরাঁ, আবাসিক হোটেল, ওষুধের ফার্মেসি, হাসপাতাল ও ক্লিনিকসমূহ সার্বক্ষণিক খোলা থাকবে। এছাড়া মিষ্টির দোকান, মুদি দোকান ও কাঁচাবাজার রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

অন্যদিকে, অন্যান্য সব বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে পবিত্র হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজার সংলগ্ন এলাকার স্যুভেনির শপগুলোর জন্য বিশেষ ছাড় দিয়ে রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমোদন দেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নির্ধারিত সময়সূচি সকল ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের যথাযথভাবে অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.