Sylhet Today 24 PRINT

তারেক রহমানের ফেরা: ওসমানী বিমানবন্দর এলাকায় যাত্রী ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক |  ২৫ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন আজ। তাকে বহনকারী বিমানের ফ্লাইটটি আজ সকালে প্রথমে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করবে।

এ কারণে ওসমানী বিমানবন্দর এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।

এদিকে বিমানবন্দর এলাকায় যাত্রী ছাড়া কাউকেই প্রবেশ করতে দিচ্ছে না সেনাবাহিনীর সদস্যরা। সকালে বিমানবন্দর এলাকায় অবস্থান নেওয়া সাংবাদিকদেরও বিমানবনস্দর চত্বর থেকে বের করে দেওয়া হয়েছে। বিমানবন্দরের রানওয়ে থেকে প্রায় আধা কিলোমিটার দূরের মূল সড়কেই আটকে দেওয়া হচ্ছে সবাইকে। নিরাপত্তার স্বর্থে সড়ক থেকে লাইভ সম্প্রচারেও আপত্তি জানানো হচ্ছে।

জানা গেছে, তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ২০২ ফ্লাইটটি ১৯২ জন যাত্রী নিয়ে লন্ডন থেকে দেশে আসে। এরমধ্যে ১০৭ জন যাত্রী সিলেটে নামবেন৷ ১১ টার দিকে তারেক রহমানসহ বাকিদের নিয়ে ঢাকায় যাবে এই উড়োজাহাজ। বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এরআগে বাংলাদেশ সময় বুধবার রাত সোয়া ১২টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট দেশের উদ্দেশে লন্ডনের হিথরো বিমানবন্দর ত্যাগ করে। তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.