Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ বিএনপিতে বিদ্রোহের সুর

নিজস্ব প্রতিবেদক |  ২৬ ডিসেম্বর, ২০২৫

দলীয় মনোনয়ন নিয়ে সুনামগঞ্জে বিএনপি নেতাদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মনোনয়ন বঞ্চিত অনেতা নেতা নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সগ্রহ করেছেন। এদের মধ্যে কয়েকজন যে কোন পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এতে করে হাওরবেষ্টিত এই জেলায় বিদ্রোহের সুর বাজছে।

সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের সাথে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন দলের মনোনয়ন বঞ্চিত ৫ নেতা। তাদের পক্ষে কর্মী-সমর্থকরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এরমধ্যে সুনামগঞ্জ-৩ আসনে একজন, সুনামগঞ্জ-৪ আসনে ৩ জন ও সুনামগঞ্জ-৫ আসনে একজন স্বতন্ত্র প্রার্থিী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জেলা রিটার্নিং ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

সবশেষ বৃহস্পতিবার সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ আসনে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে দলটির কেন্দ্রিয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলনকে।

তবে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী সুনামগঞ্জ-৫ আসনে দলটির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। ২০১৮ সালের নির্বাচনে এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছিলেন তিনি। এবার সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলনকে মনোনয়ন প্রদানের পর থেকেই মিজান অনুসারীরাদিলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন। তাতে এখন পর্যন্ত কোন সাড়া না পেয়ে বৃহস্পতিবার মিজানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এ বিষয়ে মিজানুর রহমান চৌধুরী বলেন, আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। আমার পক্ষে নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা চাচ্ছেন আমি যেনো প্রার্থী হই।

এদিকে, সুনামগঞ্জ-৩ আসনে জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন এবং সুনামগঞ্জ-৪ আসনে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কয়ছর আহমেদ। এই আসনে নির্বাচন কমিশনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন।

তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে নিশ্চিত করেছেন।

সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম নুরুল। এ আসনে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল মনসুর মোহাম্মদ শওকত ও এই আসনের প্রয়াত সাবেক এমপি অ্যাড. মোহাম্মদ ফজলুল হক আসপিয়ার ছেলে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার আবিদুল হক।

ব্যারিস্টার আবিদুল হক আবিদ বলেন, ‘আমার বাবা এই এলাকার মানুষের জন্য কাজ করে গেছেন। আমি নির্বাচন করার লক্ষ্যে কাজ করছি। আগামী ২৯ তারিখ চূড়ান্ত সিদ্ধান্ত নেব। ’

আবুল মনসুর মোহাম্মদ শওকত বললেন,‘ সংসদ নির্বাচন করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছি। মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে তবে আরও কয়েক দিন পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাব।

দেওয়ান জয়নুল জাকেরীন সম্প্রতি নিজ বাসবভনে এক মতবিনিময় সভায় জানিয়েছেন, সুনামগঞ্জের প্রতি বৈষম্য দূর করে তিনি শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসায় জনগনের জন্য কাজ করতে চান। সেই উদ্দেশ্যেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। জীবনের বাকী দিনগুলি তিনি জনগণের সাথে থাকতে চান। সেজন্য নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.