Sylhet Today 24 PRINT

হাদি হত্যার প্রতিবাদ: সিলেটে রাতেও চলছে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক |  ২৭ ডিসেম্বর, ২০২৫

দুর্বৃত্তদের গুলিতে খুন হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ মো. ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সিলেটেও বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর থেকে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। রাত সোয়া আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়কে বিক্ষোভ চলছিলো। এতে ইনকিলাব মঞ্চ সিলেটের নেতাকর্মীরা ছাড়াও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী-সমর্থকরা অংশ নিয়েছেন।

অবস্থান কর্মসূচিতে তাঁরা হাদি হত্যার বিচার দাবি করেন এবং প্রধান আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানান। এসময় ‘তুমি কে আমি কে, হাদি হাদি’. ‘ইউ ওয়ান্ট জাস্টিস’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’- এসব স্লোগান দেন বিক্ষোভকারীরা।

কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, ‘হাদি হত্যার বিচার দ্রুততম সময়ের মধ্যে করতে হবে। প্রধান আসামিকে হাজির করতে না পারা এবং ঘটনায় কারা জড়িত ছিল, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা না পাওয়ায় উদ্বেগ রয়েছে।’

তারা জানান, হাদি হত্যার প্রধান আসামিসহ সব জড়িত ব্যক্তিকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

রাতে সড়কে অবস্থান নিয়ে স্লোগানের পাশপাাশি দেশাত্ববোধক, আধিপত্যবাদ বিরোধী ও হাদি হত্যার প্রতিবাদে গান পরিবেশন করতেও দেখা গেছে বিক্ষোভকারীদের। গেছে

এর আগে গত ১২ ডিসেম্বর দুপুরে জুমার নামাজ শেষে রিকশায় গন্তব্যে ফিরছিলেন হাদি। রাজধানী বিজয়নগরে গুলিবিদ্ধ হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানন থেকে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর নেওয়া হয় সিঙ্গাপুরে। পরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন হাদি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.