Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ-২ : নাসিরের পর পাবেলকে মনোনয়ন দিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক |  ২৮ ডিসেম্বর, ২০২৫

সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) প্রার্থী তাহির রায়হান চৌধুরী পাবেলকেও মনোনয়ন প্রদান করেছে বিএনপি। এরআগে এই আসনে বিএনপি থেকে প্রবীন নেতা ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছিলো।

রোববার সন্ধ্যা কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ২০ ডিসেম্বরের স্বাক্ষরিত আরেকটি চিঠি ভাইরাল হয়। ওই চিঠিতে জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও যুক্তরাজ্যপ্রবাসী নেতা তাহির রায়হান চৌধুরী পাভেলের নাম উল্লেখ রয়েছে।

এতে ওই আসনে বিএনপি প্রার্থী পরিবর্তন করেছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে দলটির কেন্দ্রিয় নেতারা জানিয়েছেন সুনামগঞ্জ-২ আসনে দুজনকেই মনোনয় প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে রায়হান চৌধুরী পাবেল বলেন, বিষয়টি আমি শনিবারই শুনেছি। তবে আজ রোববার দলের চিঠি হাতে পেয়েছি।

সিলেট জেলা জজ কোর্টের আইনজীবী পাবেল বলেন, আমি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ইতোমধ্যে মনোনয়নপত্রও সংগ্রহ করেছি।

এরআগে গত ৫ ডিসেম্বর সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরীকে মনোনয়ন প্রদান করা হয়। বয়োবৃদ্ধ নাসির নানা শারিরীক অসুস্থতায় ভূগছেন।

এ প্রসঙ্গে নাসির উদ্দিন চৌধুরীর বক্তব্য জানা সম্ভব হয়নি।

তবে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) জিকে গৌছ বলেন, সুনামগঞ্জ-২ আসনে দলের দুইজন নেতাকে মনোনয়নপত্র জমা দিতে বলা হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের সময় একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.