Sylhet Today 24 PRINT

‘ইলিয়াস আলীর আসনে’ প্রার্থী দেবে না জামায়াত, মুনতাসিরকে সমর্থন

সিলেট–২

নিজস্ব প্রতিবেদক |  ২৯ ডিসেম্বর, ২০২৫

সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে প্রার্থী দিচ্ছে না জামায়াত ইসলাম। ৮ দলের সাথে সমঝোতার অংশ হিসেবে এ আসনে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলীকে সমর্থন দিয়েছে দলটি।

এই আসনে বিএনপির প্রার্থী দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা। তিনি নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী। ২০১৭ সালে ইলিয়াসের রহস্যজনক নিখোঁজের পর থেকেই এ আসনটি ইলিয়াস আলীর আসন হিসেবে পরিচিত।

সিলটে-২ আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান। সোমবার সিলেটের অন্য ৫টি আসনে জামায়াতের প্রার্থীর সাথে তিনিও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। তবে তিনি পরে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন বলে জানা ।

এ বিষয়ে জামায়াত ইসলামীর ঢাকা উত্তরের আমীর ও সিলেট–৬ আসনে দলটির প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সমঝোতার মাধ্যমে সিলেট–২ আসন খেলাফত মজলিসকে ছেড়ে দেওয়া হয়েছে। 

তিনি আরও জানান, সিলেটের অন্যান্য আসনে ছাড় দেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.