Sylhet Today 24 PRINT

জাফলংয়ে বালু চাপায় শ্রমিকের মৃত্যু

‎গোয়াইনঘাট প্রতিনিধি |  ৩০ ডিসেম্বর, ২০২৫

‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে নদীর পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাড় ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

‎মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর আনুমানিক ৬ টার দিকে জাফলং চা-বাগান সংলগ্ন নদীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত বাচ্চু মিয়া (৫০) গোয়াইনঘাট উপজেলার নয়াবস্তি গ্রামের মৃত হাবিব মিয়ার ছেলে।

‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একদল শ্রমিক নদীর তীর থেকে বালু উত্তোলনের কাজ করছিল। এ সময় হঠাৎ করে বালু মাটির একটি বড় অংশ ধসে পড়ে শ্রমিকদের ওপর। অন্য শ্রমিকরা দ্রুত সরে যেতে পারলেও বাচ্চু মিয়া মাটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

‎পরে স্থানীয়রা বাচ্চু মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নদীর পাড় থেকে বালু উত্তোলনের সময় পাড় ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.