নিজস্ব প্রতিবেদক | ৩০ ডিসেম্বর, ২০২৫
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দল থেকে বহিস্কার করা হয়েছে সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশীদকে, যিনি চাকসু মামুন নামে পরিচিত।
মঙ্গলবার দলের কেন্দ্রিয় কমিটি তাকেসহ ৯ নেতাকে বহিস্কার করে, যারা বিএনপির শরিকদলের দলের কাছে ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হয়েছেন। সিলেট-৫ আসনও বিএনপির শরিক জমিয়ত ইসলামকে ছেড়ে দেওয়া হয়েছে। এই আসনে প্রার্থী হয়েছেন দলটির সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
এদিকে, খালেদা জিয়ার মৃত্যুর দিনে দল থেকে বহিস্কার করায় হতাশা প্রকাশ করে মামুন বলেছেন, তাকে বহিস্কার করে ‘জনবিচ্ছিন্ন দলের কাউকে পাস করানো যাবে না’।
বহিস্কারের সিদ্ধান্তের পর মঙ্গলবার রাতে ফেসবুকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এমনটি বলেন।
মামুনুর রশীদের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসটি হুবুহু তুলে দেওয়া হলো-
এমন সিদ্ধান্ত যে আসবে সেটা না জেনে নির্বাচনে দাঁড়াই নাই।
তবে এদেশের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, গনতান্ত্রিক সংগ্রামে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের এই দিনে আমার প্রিয় দলের নেতাদের এমন সিদ্ধান্ত কেন নিতে হয়েছে সেটা আর কেউ না জানলেও বিগত ৪৫ বছর এই দল করার অভিজ্ঞতা থেকে খুব ভালো করেই জানি।
জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলের কিছু সংখ্যক নেতাদের পাশ করিয়ে আনার ব্যার্থ চেষ্টার অংশ হিসেবে তাদের চাপে এমন সিদ্ধান্ত।
যারা ভাবছেন খয়রাতী এই আসনে আমাকে বহিষ্কার করিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়ে যাবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন।
আমি নির্বাচনে দাঁড়ানো আমার নিজের কোন ব্যাক্তিগত স্বার্থে নয়।
দীর্ঘ ৪৫ বছর যে মানুষের জন্য সংগ্রাম করেছি, তাদের অনুমোদন নিয়ে, তাদের অধিকার আদায়ের সংগ্রামে আমি নিজের দীর্ঘ রাজনৈতিক জীবন বাজি রেখেছি।
নির্বাচনে পাশ/ ফেইলের সিদ্ধান্ত আসবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে।
আর আমার সুপ্রিয় জকিগঞ্জ-কানাইঘাটবাসীই শুধু নির্ধারণ করতে পারে আমার আগামীর রাজনৈতিক জীবন কেমন হবে।
তবে আমার জন্মভূমির মাটির সাথে বেঈমানী করে আমি কোন কিছু অর্জন করতে চাই না।
সংগ্রামের এই জীবন আমি জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের জন্য উৎসর্গ করেছি।
রাজনীতি কোন সরল রেখায় চলা বিষয় না।
সংগ্রামের এই জীবন যেদিন বেঁচে নিয়েছিলাম সেদিন থেকেই জানি, এটা কোন সহজ পথ নয়।
তবে আমার জকিগঞ্জ-কানাইঘাটের সর্বস্তরের মানুষ ইনশাআল্লাহ এবার প্রমান করবে, আমাকে বহিষ্কার করলেও মানুষের বিবেক এবং চেতনা কে বহিষ্কার করা যায় না।