Sylhet Today 24 PRINT

সাদাপাথর লুট-কাণ্ডে বহিষ্কার সেই সাহাব উদ্দিনকে দলে ফিরিয়ে নিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক |  ০১ জানুয়ারী, ২০২৬

সিলেটের পর্যটনকেন্দ্র সাদাপাথর লুটের ঘটনায় বহিষ্কার হওয়া সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাহাব উদ্দিনের প্রাথমিক সদস্য পদসহ সকল পদপদবী আবার ফিরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত একটি পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

পত্রে বলা হয়েছে, সাহাব উদ্দিনের বিরুদ্ধে পূর্বে দেওয়া যাবতীয় স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং তার প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদবি পুনঃস্থাপিত করা হলো।

এরআগে গত আগস্টে তাকে বহিস্কারের চিঠিতে উল্লেখ করা হয়েছিলো ‘চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগে’ বহিস্কার করার কথা।

প্রসঙ্গত, গত বছরের আগস্টে সাদাপাথর লুটের ঘটনা দেশজুড়ে তোলপাড় তোলে। এর পরপরই আলোচনায় উঠে আসে বিএনপি নেতা সাহাব উদ্দিনের নাম।

গত ১১ আগস্ট রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে সাহাব উদ্দিনের সব পদ স্থগিত করা হয়। বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ড’-এ জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের দলীয় সব পদ স্থগিতের এ তথ্য জানানো হয়।

গত বছরের ১৩ সেপ্টেম্বরও সিলেট মহানগরীর আম্বরখানা এলাকা থেকে তাকে র‌্যাব-৯ গ্রেপ্তার করেছিল। নভেম্বরে তিনি জামিনে মুক্তি পান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.