নিজস্ব প্রতিবেদক | ০৫ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহীত।
সিলেটের কোম্পানীগঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ-২’–এর আওতায় পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে কোম্পানীগঞ্জ থানার বিশেষ আভিযানিক দল কলাবাড়ি এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, বোরহান উদ্দিন দীর্ঘদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ইউনিয়ন আওয়ামী লীগের একজন সহ সভাপতিকে আটক করা হয়েছে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।