নিজস্ব প্রতিবেদক | ১৪ জানুয়ারী, ২০২৬
সিলেটে একটি বসতবাড়িতে বিপুল পরিমাণ এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত রাখার দায়ে ‘মাখন চুলা ঘর’ নামের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টায় নগরীর শিবগঞ্জ এলাকার হক ভিলা নামক বাসায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া জানান, বসতবাড়িটিতে এলপিজি সিলিন্ডার মজুতের তথ্য পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রাকে ১২ কেজির ১৩০টি এলপিজি গ্যাস ভর্তি সিলিন্ডার পাওয়া যায়।
তিনি বলেন,‘ ট্রাকটি গত দুই দিন ধরে সেখানে অবস্থান করছিল। কোনো ধরনের লাইসেন্স বা গোডাউন ছাড়াই বসতবাড়িতে সিলিন্ডার রাখা আইনবিরোধী এবং এতে অগ্নিনিরাপত্তার ঝুঁকি রয়েছে।’
অধিদপ্তর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আগামী দিনের মধ্যে ওই সিলিন্ডারগুলোর বিক্রির তথ্য জমা দিতে নির্দেশ দিয়েছে।
মোহাম্মদ আরিফ মিয়া আরও জানান, চলমান গ্যাস সংকটের মধ্যে এমন মজুত পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এর আগে, সিলেটে অধিক দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে আরেকটি প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত মেসার্স কামাল এন্টারপ্রাইজ নামের একটি দোকানকে এ দণ্ড দেয়। দোকানটিতে ১ হাজার ৩০০ টাকার এলপিজি সিলিন্ডার বেশি দামে বিক্রি করা হচ্ছিল।
এদিকে সিলেট নগরীতে এলপিজি গ্যাস সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে। সরকার কর ও ভ্যাট কমানোর উদ্যোগ নেওয়া সত্ত্বেও এবং ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারের পরও খুচরা বাজারে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়নি। নগরীর বিভিন্ন এলাকায় দোকানের সামনে খালি সিলিন্ডার পড়ে থাকলেও ভরা সিলিন্ডারের সরবরাহ এখনও সীমিত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।