Sylhet Today 24 PRINT

নির্বাচন নির্বিঘ্ন করতে মৌলভীবাজারে ড্রোন ও বডি অন ক্যামেরা ব্যবহার করবে বিজিবি

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৪ জানুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক দমন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ উপলক্ষে শ্রীমঙ্গলে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিং করেছে বিজিবি উত্তর-পূর্ব রিজিয়ন।

বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদক দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এসব কার্যক্রম জনসম্মুখে তুলে ধরতে বুধবার (১৪ জানুয়ারি) শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ৪৬ বিজিবির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় প্রেস ব্রিফিং। এতে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

গত ১ নভেম্বর থেকে এখন পর্যন্ত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭২ জন আসামিসহ প্রায় ১৬৪ কোটি টাকার চোরাচালানী মালামাল এবং সাড়ে ৫ কোটি টাকার মাদকদ্রব্য আটক করা হয়েছে। এছাড়াও উদ্ধার করা হয়েছে বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বিজিবি উত্তর-পূর্ব রিজিয়নের দায়িত্বপূর্ণ প্রায় ১,২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় চারটি সেক্টরের অধীনে ১৩টি ইউনিট নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছে। “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিজিবি প্রস্তুত। ১৭টি জেলার ৯২টি সংসদীয় আসনে আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের সদস্যরা দায়িত্ব পালন করবে।”

নির্বাচনকে কেন্দ্র করে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি ড্রোন ও বডি ওন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বিজিবি। ভোটকেন্দ্রগুলোর রেকি কার্যক্রমও চলছে। নির্বাচনকালীন সময়ে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসন, সেনাবাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।”

সার্বিকভাবে আসন্ন নির্বাচন ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ, বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং মৌলভীবাজার জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.