Sylhet Today 24 PRINT

ওসমানী হাসপাতালে নারী ইন্টার্ণ চিকিৎসককে হেনস্তা: কর্মবিরতির ডাক

নিজস্ব প্রতিবেদক |  ১৭ জানুয়ারী, ২০২৬

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত এক নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা চালিয়ে হেনস্তা করেছেন রোগীর স্বজনরা। এর প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন ইন্টার্ণ চিকিৎসকরা। শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন তারা।

শুক্রবার (১৬ জানুয়ারি) মধ্যরাতে হাসপাতালের ৪র্থ তলার ৬ নম্বর ওয়ার্ডে এ হামলার ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টার দিকে সার্জারি বিভাগের ওই ওয়ার্ডে ভর্তি এক রোগীর স্বজনদের সঙ্গে দায়িত্বরত নারী ইন্টার্ন চিকিৎসকের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে চিকিৎসকের ওপর হামলা চালান। এতে ওই নারী চিকিৎসক হেনস্তার শিকার হন।

ঘটনার পরপরই হাসপাতালে থাকা অন্যান্য ইন্টার্ন চিকিৎসকরা এগিয়ে এসে ১ নারী ও ২ পুরুষকে আটক করেন। এসময় রোগীর স্বজনদেরও মারধর করেন ইন্টার্নরা। এবং পরে পুলিশ তাদের ধরে নিয়ে যায়। এ ঘটনায় মধ্যরাতে উত্তপ্ত হয়ে ওঠে ওসমানী হাসপাতাল। এরপর রাত ১টার দিকে ইন্টার্ন চিকিৎসকরা ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা দেন।

এ ঘটনায় চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হাসপাতালের চিকিৎসকরা। তারা দোষীদের দ্রুত শাস্তির দাবি এবং চিকিৎসার পরিবেশ নিরাপদ করার আহ্বান জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.