Sylhet Today 24 PRINT

ভালবাসা দিবসের আগের দিন ‘নন ভ্যালেন্টাইন মহাসমাবেশ’ (প্রোমো-ভিডিও)

সিলেটটুডে ডেস্ক |  ১২ ফেব্রুয়ারী, ২০১৬

ভালোবাসা শব্দটি খুব সহজেই সকলের সহজাত প্রবৃত্তির সাথে মিশে যায়। কেননা জন্মের পর থেকেই মানুষের বেড়ে উঠা এই ভালোবাসাকে কেন্দ্র করেই। ভালোবাসা প্রতিদিনের, প্রতি মুহূর্তের। তবুও ভালোবাসাকে বিশেষভাবে উপলব্ধি করার জন্য পালন করা হয় ভ্যালেন্টাইন’স ডে বা ভালোবাসা দিবস।  সারা বিশ্বে ১৪ ফেব্রুয়ারি পালিত হবে এই রঙিন দিনটি। এই দিনটিকে নিয়ে ভালোবাসার মানুষদের ভাবনাটাও থাকে বিশেষ। কিন্তু যাদের ভালবাসার মানুষ নেই তাদের কি হবে? সিলেটে তাই অপ্রেম মানুষদের পাশে দাঁড়ালো কাকতাড়ুয়া নামে একটি সংগঠন।


ভালোবাসা দিবসের আগের দিন ১৩ ফেব্রুয়ারি শনিবার সিলেটে আয়োজন করেছে 'নন ভ্যালেন্টাইন মহাসমাবেশ'। বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুনে সকাল ১১টায় টিলাগড় পয়েন্ট থেকে মজার মজার শ্লোগান নিয়ে “সিঙ্গেল শোভাযাত্রা” বের হয়ে এমসি কলেজের টিলায় গিয়ে শেষ হবে। সেখানেই প্রেমহীনতার জন্য একমিনিট নিরবতার মাধ্যমে শুরু হবে মূল পর্ব।

এরপর চলবে প্রেমের গান, প্রেমের সুফল ও কুফল নিয়ে আড্ডা, প্রেমের অভিজ্ঞতা ইত্যাদি।  মন আছে অথচ মনের মতো মানুষ নেই অথবা প্রেম করা যোগ্যতা আছে অথচ সঙ্গী পাচ্ছেন না এমন সিঙ্গেলদের খোলা মাঠে প্রেম নিবেদনের সুযোগ দেয়া হবে। তাদের মধ্য থেকে সেরা সিঙ্গেল (পুরুষ) ও সেরা সিঙ্গেল (নারী) নির্বাচন করা হবে। এই সিঙ্গেলদের নিয়ে ফিচার প্রকাশ করবে বাংলাদেশের জনপ্রিয় কয়েকটি নিউজ পোর্টাল। শুধু তাই নয়, সেরাদের নিয়ে কাকতাড়ুয়া প্রোডাকশন হাউজ থেকে রোমান্টিক গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। তাছাড়া উপস্থিত সকল সিঙ্গেলদের ফেইসবুক প্রোফাইল পিকচার তুলে দেবে কাকতাড়ুয়া নামের স্থিরচিত্র ও চলচ্চিত্র বিষয়ক সংগঠনটি।

কাকতাড়ুয়ার সভাপতি খলিলুর রহমান ফয়সাল বলেন, “এটি একটি মজার মহাসমাবেশ। যারা এখনো প্রেম করতে পারেননি বা করেননি। অথবা প্রেমে বিরক্ত বা ছ্যাকা(বিচ্ছেদ) খেয়ে প্রেম বাদ দিয়েছেন তাদের জন্য মূলত এ আয়োজন।” ভবিষ্যতে প্রতি বছর ভালোবাসা দিবসের আগের দিন এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

খোঁজ নিয়ে জানা যায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভাসির্ টি, এমসি কলেজ, সরকারী কলেজ, উইমেন্স কলেজ, মদনমোহন কলেজের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী এই ব্যতিক্রমী মহাসমাবেশে অংশ নিচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.