Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক |  ১৭ জানুয়ারী, ২০২৬

ফাইল ছবি

সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের শাহগলী বাজারসংলগ্ন সিলেট–জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম জুবায়ের আহমদ (৯)। সে বারহাল ইউনিয়নের বোরহানপুর গ্রামের তকু মিয়া কবিরের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসা ছুটি শেষে বাড়ি ফেরার পথে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল জুবায়েরকে সজোরে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মোটরসাইকেল আরোহী তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেও ঘটনাস্থলে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ ফোনটি উদ্ধার করে হেফাজতে নেয়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘উদ্ধারকৃত মোবাইল ফোনের সূত্র ধরে মোটরসাইকেল আরোহীকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.