Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে থার্মাল অয়েল হিটার বিস্ফোরণে নিহত ১, আহত ৩

শ্রীমঙ্গল প্রতিনিধি: |  ১৮ জানুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি শিল্পকারখানায় থার্মাল অয়েল হিটার মেশিন বিস্ফোরণে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সরকার বাজার নামক এলাকায় অবস্থিত রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর কারখানায় এ দুর্ঘটনা ঘটে। কারখানার থার্মাল অয়েল হিটার মেশিনের রক্ষণাবেক্ষণকালে হঠাৎ ব্যাকফায়ার হলে বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. আসাদুল ইসলাম (৪২)। তিনি ওই কারখানার সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি গাইবান্ধা জেলায়। দুর্ঘটনায় আহত তিনজন হলেন- বয়লারের হেলপার মো. আব্দুল হাকিম (সিরাজগঞ্জ), ইলেকট্রিশিয়ান মো. আব্দুল বাশার চেস্তি (বগুড়া) এবং গোলাম রব্বানী (ঢাকা)। আহত গোলাম রব্বানী কারখানায় সার্ভিস প্রদানের কাজে এসেছিলেন বলে জানা গেছে।

রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রেসিডেন্স ম্যানেজার শাকিল আহমেদ জানান, “গতকাল রাতে থার্মাল অয়েল হিটার মেশিন রক্ষণাবেক্ষণের সময় ব্যাকফায়ারের কারণে দুর্ঘটনাটি ঘটে। এতে আমাদের সহকারী ম্যানেজার মো. আসাদুল ইসলাম নিহত হন এবং আরও তিনজন আহত হন। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার কারণ তদন্তে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। নিহতের পরিবারের পাশে থেকে সার্বিক সহযোগিতা করা হবে।চ্

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম বলেন, “কারখানায় মেশিন বিস্ফোরণে নিহতের ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.