Sylhet Today 24 PRINT

সিলেটে কোর্ট থেকে বাড়ি ফেরার পথে সাবেক এপিপি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২০ জানুয়ারী, ২০২৬

সিলেট জজ কোর্টের সাবেক এপিপি অ্যাডভোকেট নুরে আলম সিরাজীকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানা পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যার দিকে জালালাবাদ থানা এলাকার তেমুখী থেকে তাকে আটক করা হয়। এ সময় তিনি কোর্ট থেকে বাড়ি যাচ্ছিলেন। তার বাড়ি জালালাবাদ থানা এলাকার সোনাতলায়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনজীবীর বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তীতে মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

অ্যাডভোকেট নুরে আলম সিরাজী আওয়ামী লীগ সরকার আমলের শুরুর সময় জেলা জজ কোর্টের এপিপি ছিলেন। পাশাপাশি তিনি সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। ২০১৯ সালে সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন।

তার সহকর্মীরা জানান, অ‍্যাডভোকেট নুরে আলম সিরাজী সিলেট বারের সদস‍্য। তিনি আইনপেশায় বেশি সক্রিয় ছিলেন। তার বিরুদ্ধে যে মামলা, সেটাতে বাদী কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছেন তিনি ওই ঘটনায় যুক্ত না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.