Sylhet Today 24 PRINT

উন্নয়নের নামে ১৬ বছরে দেশে লুটপাট হয়েছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক |  ২২ জানুয়ারী, ২০২৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত ১৬ বছরে উন্নয়নের নাম করে দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির জনসভায় এ কথা বলেন তিনি।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মঞ্চে ওঠেন। এটি বিএনপির প্রথম নির্বাচনী জনসভা। সিলেটের আঞ্চলিক ভাষায় 'আপনারা বালা আছইননি' বলে বক্তব্য শুরু করেন সিলেটের দামান্দ তারেক রহমান।

এদিন বেলা পৌনে ১১টার দিকে সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জনসভাকে কেন্দ্র করে এরই মধ্যে সভাস্থল কানায় কানায় পূর্ণ। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই মাঠ ছাড়িয়ে আশপাশের রাস্তাঘাটে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।

ভোর থেকে সিলেট ও সুনামগঞ্জসহ আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা মাঠে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাদ্রাসা মাঠ লোকে লোকারণ্য হয়ে ওঠে। পুরো মাঠ এবং নগরীর গুরুত্বপূর্ণ এলাকা ব্যানার, ফেস্টুন আর দলীয় স্লোগানে মুখর হয়ে উঠেছে।

নেতাকর্মীদের হাতে দলীয় পতাকার পাশাপাশি ধানের শীষের প্রতিকৃতি এবং তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন দেখা গেছে। পুরো এলাকায় এখন ধানের শীষ আর তারেক রহমান স্লোগান।

প্রায় দুই দশক পর সিলেটে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে নগরীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ্য করা গেছে। সভাস্থল ও আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.