Sylhet Today 24 PRINT

সিলেট-১: শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে সঞ্জয়ের প্রচারণা শুরু

সিলেটটুডে ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০২৬

সিলেট-১ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সঞ্জয় কান্ত দাস বৃহস্পতিবার বিকাল ৩টায় সিলেট শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচারণার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেন।

এরপর নগরীর চৌহাট্টা, জিন্দাবাজার, আম্বরখানা এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় সিলেট-১ আসনের কাঁচি প্রতীকের প্রার্থী সঞ্জয় কান্ত দাস ছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা পর্ষদ এর সমন্বয়ক সুমিত কান্তি দাশ পিনাক, চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায় বাড়াইক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক বুশরা সুহেল, সহ-সভাপতি দোয়েল রায়, পূর্ণিমা দাশ,সজীব আহমেদ দীপু, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলার সংগঠক মঞ্জুর রহমান রিপন, চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদ এর সভাপতি অধিকার বাউরী, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলার নেতা নমিতা রায়, মনি প্রধান প্রমুখ।

এছাড়া নগরীর ৩৬নং, ৩৯নং ওয়ার্ড, ৫নং ওয়ার্ড, সদর উপজেলার মালনীছড়া, লাক্কাতুরা, হিলুয়াছড়াসহ বিভিন্ন স্থানে বাসদ (মার্কসবাদী) নেতা-কর্মীরা প্রচার-প্রচারণা করেন।

এ সময় সঞ্জয় কান্ত দাস বলেন, "গত ১৫ বছরে মানুষ তার মত প্রকাশের স্বাধীনতা হারিয়েছিল। আওয়ামী আমলে ডামি নির্বাচন ভোট দেয়ার স্বাধীনতাকেও রুদ্ধ করেছিল। অতীতে কালো টাকা, পেশিশক্তি, মিথ্যা আশ্বাসের খেলায় মানুষ প্রতিবার ঠকেছে। আমরা সব সময় এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলাম। ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার, কিন্তু এ অধিকার হরণ করে বিগত সময়ে সংসদকে কোটিপতিদের ক্লাবে পরিণত করা হয়েছিল। ফলে বিগত এমপি, মন্ত্রীরা দেশের শ্রমজীবী, মেহনতী মানুষের কথা, তাদের আশা আকাঙ্ক্ষার কোনো তোয়াক্কা না করে বরং অবৈধ টাকায় বিদেশে ফ্ল্যাট বাড়ি বানিয়েছেন। এই ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে সংগঠিত হয় জুলাই গণঅভ্যুত্থান। এই অভ্যুত্থান ফ্যাসিবাদী ব্যবস্থা ও বৈষম্য বিলোপের চেতনা তুলে ধরেছিল। এই চেতনাকে ধারণ করে আমরা এবারের নির্বাচনে কাঁচি প্রতীকে অংশগ্রহণ করছি। নির্বাচন আমাদের কাছে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি মাধ্যম মাত্র। জনগনের অধিকার আদায়ের একমাত্র উপায় ঐক্যবদ্ধ গণ-আন্দোলন। এই গণ আন্দোলনের শক্তি নির্মাণের লক্ষ্যেই এবার আমাদের প্রধান নির্বাচনী স্লোগান " শুধু ক্ষমতার পালাবদল নয়, ফ্যাসিবাদের বিলোপ ও বৈষম্যহীন সমাজের জন্য চাই ব্যবস্থার আমূল পরিবর্তন" এই লক্ষ্য আসন্ন নির্বাচনে সিলেট-১ আসনে কাঁচি প্রতীকে ভোট দিয়ে গণ-আন্দোলনের শক্তিকে বিকশিত করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.