Sylhet Today 24 PRINT

বাংলাদেশে স্বাধীনতার পক্ষে দুটি দল- একটি আওয়ামী লীগ, আরেকটি বিএনপি: বিএনপির প্রার্থী মুজিব

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৬ জানুয়ারী, ২০২৬

বিএনপির কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ আসনের বিএনপির প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব) বলেন, 'বাংলাদেশে স্বাধীনতার পক্ষে দুটি দল রয়েছে। একটি আওয়ামী লীগ, আরেকটি বিএনপি। যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে নেই, তাই স্বাধীনতার পক্ষের দল হিসেবে আমরা আছি। আপনারা আগে আওয়ামী লীগকে ভোট দিয়েছেন, এখন আমাকে দেন। যদি কোনো দিন আওয়ামী লীগ আবার আসে, তখন অন্য চিন্তা করবেন, কাকে ভোট দেবেন।'

রোববার দুপুরে শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের বিভিন্ন চা-বাগানে চা-শ্রমিকদের নিয়ে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। জনসভায় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘আমি আগেও এই আসন থেকে একাধিকবার নির্বাচনে দাঁড়িয়েছিলাম। পরাজিত হয়েও আমি আপনাদের পাশে থেকেছি। আপনারা চা-বাগানের মানুষ নানা সমস্যায় ভুগছেন। আপনাদের শরীর দেখলেই বোঝা যায়, আপনারা কত কষ্টে আছেন। আমি সংসদে গেলে আপনাদের মজুরি বৃদ্ধি, শিক্ষা, চিকিৎসা ও ভূমির অধিকারের বিষয় উন্নতি করব।'

চা-বাগানঅধ্যুষিত মৌলভীবাজার-৪ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৮৮৮, এর মধ্যে একটি বড় অংশের ভোট চা-বাগানের। স্বাধীনতার পর থেকে এই আসনে যতবার আওয়ামী লীগ অংশ নিয়েছে, দলটি হারেনি, এর পেছনে আছে চা- বাগানের ভোটব্যাংক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.