Sylhet Today 24 PRINT

রায় ছিনতাই না হলে ১১ দলীয় জোটের বিজয় নিশ্চিত: মামুনুল হক

নবীগঞ্জ প্রতিনিধি  |  ২৭ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হক বলেছেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে কোরআন–সুন্নাহর আলোকে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে এবং বিবিয়ানা ও রশিদপুরের গ্যাস নবীগঞ্জ–বাহুবলের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। স্থানীয় চাহিদা পূরণ করে অতিরিক্ত গ্যাস দেশের অন্যান্য অঞ্চলেও সরবরাহ করা হবে।”

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জে কে হাইস্কুল মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আমীর মাওলানা আব্দুল্লাহ আকিলপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জুল হুসাইন মিরাজী, এনসিপির যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান এবং সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মো. শাহাজাহান আলী।

আল্লামা মামুনুল হক বলেন, ১১ দলীয় জোট কারো ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং দেশের মানুষকে তার প্রকৃত ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের একমাত্র লক্ষ্য—শোষণ, লুণ্ঠন ও দুর্নীতিমুক্ত ইনসাফের বাংলাদেশ কায়েম করা।

তিনি আরও বলেন, দীর্ঘ ৫৪ বছরে শাসনের নামে দেশের মানুষকে শোষণ করা হয়েছে, গরিব মানুষের কষ্টার্জিত অর্থ লুট করে বিদেশে পাচার করা হয়েছে। জুলাই বিপ্লবে বুক পেতে বুলেটের সামনে দাঁড়িয়ে আবু সাঈদের মতো তরুণরা জীবন দিয়েছেন, দেড় সহস্রাধিক যুবক শহীদ হয়েছেন এবং প্রায় ৩০ হাজার জুলাই যোদ্ধা পঙ্গুত্ব বরণ করেছেন। এই ত্যাগের অর্থবহ বাস্তবায়নের জন্যই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে।

তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, যদি নির্বাচনে জনগণের রায় ছিনতাই না করা হয় এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফলাফল পাল্টানোর ষড়যন্ত্র না হয়, তাহলে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ১১ দলীয় জোট বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসনের পতন ঘটেছে। আগামীর বাংলাদেশ হবে ইনসাফভিত্তিক সমাজব্যবস্থার বাংলাদেশ—এই লক্ষ্যেই ১১ দল আজ ঐক্যবদ্ধ।

মহাসমাবেশে আরও বক্তব্য রাখেন কাজী মুখলেছুর রহমান, নেজামী ইসলামী পার্টির মাওলানা জুবায়ের আহমেদ খান, প্রিন্সিপাল আব্দুল কাইয়ুম জাকীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.