সিলেটুডে ডেস্ক | ০১ ফেব্রুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহীত
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সের বিরুদ্ধে নির্বাচনের আচরণবিধি ও সরকারি কর্মচারী আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ইমরান আহমেদ তাপাদার প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন।
গত ২৯ জানুয়ারি তিনি সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিএনপি জোটের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী উবায়দুল্লাহ ফারুকের পক্ষে প্রচারণার ছবি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন ।
ইমরান আহমেদ ২০১৬ সাল থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করার পরে সমালোচনার মুখে তিনি ছবিগুলো সরিয়ে নেন। তবে তার আগেই ছবিগুলো ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ছবিতে দেখা যায়, উবায়দুল্লাহ ফারুকের লিফলেট নিয়ে খেজুরগাছ প্রতীকে প্রচারণায় অংশ নেন ইমরান। এ সময় লাল টি-শার্ট পরিহিত অবস্থায় তাঁর সঙ্গে একাধিক যুবককে দেখা যায়। ফেসবুকে ছবি দিয়ে লিখেছিলেন, ‘খেজুরগাছে ভোট দিন, বিএনপি জমিয়ত জোট মনোনীত প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাহেবের সমর্থনে খেজুরগাছের গণসংযোগ চলছে জকিগঞ্জ উপজেলার ৩ নম্বর কাজলশাহ ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের রায়গ্রাম কাজির পাতনে।’
সিলেট-৫ আসনে বিএনপি দলীয় প্রার্থী দেয়নি। এ আসনে বিএনপি জোট থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী মামুনুর রশীদ স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ‘বিদ্রোহী’ হওয়ায় তাঁকে বহিষ্কার করেছে দল।
এ ছাড়া একটি ভিডিওতে ইমরান আহমেদ তাপাদারকে আরও কয়েকজন যুবকদের সঙ্গে খেজুরগাছ প্রতীকের স্লোগান দিতে দেখা গেছে। ইমরান আহমেদ তাপাদারের ফেসবুক ঘেঁটে দেখা গেছে, তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সেস অ্যাসোসিয়েশনের সদস্যসচিব। প্রচারণার ছবি ও ভিডিওগুলো সরিয়ে দিলেও বিএনপির সিলেট-১ আসনের সংসদ সদস্য প্রার্থীর সঙ্গে ছবি দিয়ে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে পোস্ট দিয়েছেন; পাশাপাশি বিএনপির চেয়ারম্যানের ছবি দিয়েও তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে পোস্ট করেছেন।
সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯-এর ২৫ (৩) ধারায় বলা হয়েছে, সরকারি কর্মচারী বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে অথবা অন্যত্র কোনো আইনসভার নির্বাচনে অংশগ্রহণ করা অথবা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করা বা অন্য কোনোভাবে হস্তক্ষেপ করা বা প্রভাব খাটাতে পারবেন না।
জানতে চাইলে ইমরান আহমেদ তাপাদার বলেন, আগে ছাত্রদলের রাজনীতি করতেন। চাকরির পর থেকে আর করেন না। বাড়িতে ছুটিতে ছিলেন। তখন কয়েকজন ‘জুনিয়র’ এসে প্রচারণা চালানোর কথা জানান। পরে তাঁরা গ্রামে গণসংযোগ করেন। এ সময় তাঁরা ছবি তুলে তাঁর আইডি থেকে এবং তাঁদের আইডি থেকে ছবি দিয়ে তাঁকে ট্যাগ করেছেন। বিষয়টি নিয়ে প্রতিপক্ষের লোকজন জল ঘোলা করছেন। তিনি আরও বলেন, ‘প্রতিপক্ষ গ্রুপ আছে। বিএনপি–জমিয়ত জোটের প্রার্থী খেজুরগাছ। আর বিএনপির বিদ্রোহী মামুন ভাই। বিষয়টি হয়তো চোখে লেগেছে।’
বিষয়টি নজরে আনলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।