বিয়ানীবাজার প্রতিনিধি | ০১ ফেব্রুয়ারী, ২০২৬
জ্যেষ্ঠ সাংবাদিক ও লেখক মুস্তাফিজ শফি জাতীয় দৈনিক দেশ রূপান্তর-এর সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ১ ফেব্রুয়ারি বাংলামটরের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার নেন তিনি।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে মুস্তাফিজ শফি দেশের শীর্ষস্থানীয় একাধিক পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি প্রতিদিনের বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা সম্পাদক, কালের কণ্ঠ-এর প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদক এবং সমকাল-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক ছিলেন। এছাড়া আমার দেশ পত্রিকায় বিশেষ প্রতিনিধি ও যুগ্ম বার্তা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
অনুসন্ধানী সাংবাদিক হিসেবে তিনি টিআইবি, ডিআরইউসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত। তার একাধিক প্রতিবেদন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।