Sylhet Today 24 PRINT

সিলেট-৫: ফুটবলের গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা বিভ্রান্তি ছড়াচ্ছে: স্বতন্ত্র প্রার্থী চাকসু মামুন

সিলেটটুডে ডেস্ক |  ০৫ ফেব্রুয়ারী, ২০২৬

নির্বাচনের মাঠে ফুটবল প্রতীকের গণজোয়ারে ঈর্ষান্বিত প্রতিপক্ষরা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছ বলে অভিযোগ করেছেন সিলেট -৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাবেক প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। তিনি বলেন, দেশ যখন গণতন্ত্র পুনরুদ্ধারের এবং ভোট উৎসবের চূড়ান্ত পর্যায়ে, তখন একটি বিশেষ মহল নির্বাচনের নামে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনমতকে উপেক্ষা করে কোনো ধরনের নীল নকশা এই অঞ্চলের মানুষ মেনে নেবে না।

বুধবার বাদ এশা কানাইঘাট সদর ইউনিয়নের ইটখোলা বাজারে ফুটবল মার্কার সমর্থনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সবার সহযোগিতা নিয়ে উন্নয়ন, শান্তি ও সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে জকিগঞ্জ ও কানাইঘাটকে দেশের মডেল এলাকা হিসেবে করত চাই। দীর্ঘ দিন ধরে এই অঞ্চলে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। যার কারণে যোগাযোগ ব্যবস্থা, নদী ভাঙন, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ প্রত্যেকটি সেক্টরের অবস্থা অত্যন্ত নাজুক রয়েছে। এসব সমস্যা সমাধানের জন্য আপনাদের সমর্থন ও সহযোগিতা দরকার।

চাকসু মামুন বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। এই অঞ্চলের জনগণ আগামী দিনের নেতৃত্ব নির্ধারণ করবে। আপনারা পাশে থাকলে আমার জয় কেউ ঠেকাতে পারবে না। কারণ জনগণের রায়ের চেয়ে বড়ো কোনো শক্তি নেই। আমি জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে বাঁচতে চাই।

এর আগে ২ নং লক্ষ্মী প্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ বাজারে ফুটবল মার্কার সমর্থনে আরেকটি সমাবেশ করেছিলেন।

পৃথক এসব সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চরিপাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক ফয়জুল ইসলাম, কানাইঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি ডা. ইয়াকুব আলী, সাবেক সহ সভাপতি ওয়েছ আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক রহুল আমিন, প্রবাসী বিষয়ক সম্পাদক আসাদ আলী, বিএনপি নেতা মিজানুর রহমান , সাবেক জেলা ছাত্রদল নেতা অ্যাডভোকেট সাদিক শিকদার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.