Sylhet Today 24 PRINT

সিলেটের মোড়ে মোড়ে অদ্ভূত ফেস্টুন- ‘আওয়ার দাদু ইজ কামিং’

নিজস্ব প্রতিবেদক |  ০৫ ফেব্রুয়ারী, ২০২৬

গত দুদিন ধরে সিলেট নগরের বিভিন্ন মোড়ে ঝুলছে অদ্ভূত ধরণের ফেস্টুন। ফেস্টুনে লেখা রয়েছে- ‘আওয়ার দাদু ইজ কামিং’। এতে জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমানের ছবি যুক্ত রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নগরের জিন্দাবাজারে বৈদ্যুতিক খুঁটিতে, চৌহাট্টা পয়েন্টের স্থাপনাসহ বিভিন্ন জায়গায় এই ফেস্টুন ঝুলে থাক দেখা গেছে।

টেলিভিশের জনপ্রিয় সিরিজ ‘গেম অব থ্রোনস’–এর সুপরিচিত একটি সংলাপ, ‘উইন্টার ইজ কামিং।’ ২০১১ সালে সিরিজের শুরুতেই শেষ সময়ের সতর্কবার্তা ও বিপদের প্রতীক ইঙ্গিত করে দেওয়া হয় এই সংলাপ। ওই টেলিভিশন সিরিজের স্লোগান পাল্টে ‘আওয়ার দাদু ইজ কামিং’ স্লোগান লেখা হয়েছে ফেস্টুনে। ছবিতে জন স্নোর তলোয়ারের আদলে দাঁড়িপাল্লা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ডা. শফিকুর রহমানকে। পুরো ব্যানারের পটভূমিতে তুষার ও নেকড়ের ছবি রয়েছে।

আগামী শনিবার নির্বাচনী জনসভায় অংশ নিতে সিলেট আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ওইদিন বিকেলে নগরের আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি। ওই জনসভা সফলে সিলেটজুড়ে প্রচারণা চালাচ্ছে জামায়াত। নগরজুড়ে লাগানো হয়েছে ব্যানার-ফেস্টুন বিলবোর্ড।

এর মধ্যে ওই অদ্ভূত ফেস্টুন নগরের বিভিন্ন মোড়ে টানানো রয়েছে। এতেও ৭ ফেব্রুয়ারির আলিয়া মাদ্রাসা মাঠের কথা উল্লেখ রয়েছে। আর নিচে লেখা রয়েছে- ‘দাদু ফ্যা্ন ক্লাব’।

এ ব্যাপারে সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে জামায়াতের একাধিক সূত্র জানিয়েছে, এই ফেস্টুনের ব্যাপারে তারা অবগত নন। কারা এটি টানিয়েছে তাও তারা জানেন না।

‘গেম অব থ্রোনস’ সিরিজের শুরুতে দর্শকদের পরিচয় করানো হয় এমন এক জগতের সঙ্গে, যেখানে শীতের রুক্ষতা ও ভয়ংকর বিপদের ছায়া বিরাজ করছে। এই বিপদের মূল রহস্যময় শক্তি হলো হোয়াইট ওয়াকারস। সিরিজের মূল ক্ষমতার লড়াই আটটি প্রধান হাউস বা পরিবারকে কেন্দ্র করে। এই আট পরিবারের একটি স্টার্ক পরিবার। তাদেরই মূলমন্ত্র ছিল ‘উইন্টার ইজ কামিং’। এর অর্থ কঠিন সময় আসছে, সতর্ক হও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.