Sylhet Today 24 PRINT

এবার সিইসির কাছে অভিযোগ সিলেট-১ আসনের সিপিবি প্রার্থী সুমনের

নিজস্ব প্রতিবেদক  |  ০৬ ফেব্রুয়ারী, ২০২৬

নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থা্কার অভিযোগ এনে তা নিশ্চিতের দাবিতে এবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর আবেদন করেছেন সিলেট-১ আসনের সিপিবি প্রার্থী এডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে সুমন নিজেই এই তথ্য জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে সিলেট-১ আসনে কাস্তে প্রতীক নিয়ে নির্বাচন করছি। কিন্তু দূর্ভাগ্যজনক ভাবে নির্বাচনে প্রচারণার ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা ও সুষ্ঠু পরিবেশ অর্থ্যাৎ লেভেল প্লেয়িং ফিল্ড না থাকায় এবং সিলেটের রিটার্নিং অফিসার কর্তৃক পক্ষপাতিত্বমূলক আচরণ করার প্রতিবাদে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে ২৪ ঘন্টার মধ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করলে এবং নির্বাচনকে পক্ষপাতদুষ্ট করার প্রতিবাদে আমরণ অনশনে যেতে বাধ্য হব বলে ঘোষণা দিয়েছিলাম।

তিনি বলেন, সিলেট-১ আসনের রিটার্নিং অফিসার কতৃক গত ২৪ ঘন্টায় দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ না করায় কিছুক্ষণ পূর্বে আমি প্রধান নির্বাচন কমিশনার বরাবরে সার্বিক অবস্থা বর্ণনাক্রমে একটি আবেদন করেছি। আশা করছি প্রধান নির্বাচন কমিশনার কতৃক অবিলম্বে যথাযথ উদ্যোগ গ্রহণ ক্রমে সিলেট-১ আসনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন।

সুমন আরও বলেন, অন্যথায় আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ১০ টা হতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনে যাব।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি এডভোকেট এনাম আহমদ চৌধুরী, সিপিবি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক খায়রুল হাছান, চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রধান সমন্বয়ক এস এম শুভ, সম্পাদক মনিষা ওয়াহিদ, উদীচি সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, রিক্স ভ্যান ইজিবাইক ট্রেড ইউনিয়ন কেন্দ্রে সিলেট জেলা কমিটির সম্পাদক মাশরুখ জলীল, যুব ইউনিয়ন সংগঠক বি এইচ আবীর প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.