Sylhet Today 24 PRINT

হিন্দু ধর্মাবলম্বীদের ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকী দিচ্ছে একটি দল, অভিযোগ সিলেট বিএনপির

নিজস্ব প্রতিবেদক |  ০৬ ফেব্রুয়ারী, ২০২৬

সিলেটের বিএনপি নেতারা অভিযোগ করেছেন, সিলেটের হিন্দু ধর্মাবলম্বী ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকী দিচ্ছে একটি বিশেষ দল।

শুক্রবার রাতে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সারওয়ার আলমের কাছে এ ব্যাপারে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছেন সিলেটের বিএনপি নেতারা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌণে ৯টার দিকে সিলেটের জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের রিটার্নিং কর্মকর্তা সারওয়ার আলমের কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী রিটার্নিং কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ করেন।

কার্যালয় থেকে বেরিয়ে নেতৃবন্দ জানান, একটি বিশেষ রাজনৈতিক দলের নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের ভোটকেন্দ্রে না যাওয়ার নির্দেশ দিয়ে নানান হুমকি ধমকি দিচ্ছে। তবে ওই বিশেষ দলের নাম গণমাধ্যমকে জানাননি নেতারা।

তাছাড়া বিভিন্ন প্রার্থীরা পোস্টার ব্যানারের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করলেও কেবল বিএনপি প্রার্থীর ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে, অন্যান্য প্রার্থীদের বিষয়টি উপেক্ষা করা হচ্ছে। প্রশাসনের এমন বৈষম্যমূলক আচরণের বিষয়টিও তারা তাদের অভিযোগে তুলে ধরেছেন।

ওই তিন নেতা জানান রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক মনোযোগ সহকারে তাদের বক্তব্য ও অভিযোগ শুনেছেন এবং বিষয়গুলোর ব্যাপারে তিনি যথাযত পদক্ষেপ গ্রহণেরও আশ্বাস দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.