Sylhet Today 24 PRINT

কালেঙ্গা বনে গাছ কাটাকে কেন্দ্র করে গোলাগুলি

চুনারুঘাট প্রতিনিধি  |  ০৭ ফেব্রুয়ারী, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা ফরেস্ট রেঞ্জের নিশ্চিন্তপুর এলাকায় অবৈধভাবে গাছ কাটাকে কেন্দ্র করে বন বিভাগ ও একটি সংঘবদ্ধ বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিপুল পরিমাণ সেগুন ও আকাশমনি কাঠ উদ্ধার করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে কালেঙ্গা বিটের নিশ্চিন্তপুর এলাকায় খোয়াইছড়া ও বৈরাগীর টিলা সংলগ্ন বনে হাইকোর্ট থেকে সদ্য জামিনে মুক্ত সুমন বাহিনী নামে পরিচিত একটি দল ১৫ থেকে ২০ জন সদস্য নিয়ে অবৈধভাবে গাছ কাটা শুরু করে। খবর পেয়ে বন বিভাগের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সুমন বাহিনীর সদস্যরা বন বিভাগের দিকে চার রাউন্ড গুলি ছোড়ে। বন বিভাগ আত্মরক্ষার্থে পাল্টা দুই রাউন্ড গুলি ছোড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযানে অবৈধভাবে কাটা ৪০ টুকরা সেগুন ও আকাশমনি গাছ উদ্ধার করে বন বিভাগের অফিস হেফাজতে নেওয়া হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী বন সংরক্ষক মো. জয়নাল আবেদীন।

এছাড়া চুনারুঘাট থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা জোরদার করেন। ডেপুটি রেঞ্জার ও বন বিভাগের বিশেষ বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন কালেঙ্গা ফরেস্ট রেঞ্জার আব্দুল খালেক, কালেঙ্গা ফরেস্ট বিটের ফরেস্টার আল আমিনসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

এ ঘটনায় চুনারুঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি বন আইনে পৃথক মামলাও করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.