Sylhet Today 24 PRINT

গণভোট নিয়ে অন্ধকারে হবিগঞ্জ-৪ আসনের ২২ বাগানের চা-শ্রমিকরা

শংকর শীল, চুনারুঘাট |  ০৮ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি। এবার একসঙ্গে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন কমিশন ও সরকারের পক্ষ থেকে গণভোটকে সামনে রেখে বিভিন্ন ধরনের প্রচারণা শুরু হলেও চা-বাগানের সাধারণ ভোটারদের বড় একটি অংশ গণভোট বিষয়ে রয়ে গেছেন সম্পূর্ণ অন্ধকারে।

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) নির্বাচনী আসনে ২২টি চা বাগানে বসবাসরত প্রায় ৮০ হাজারের বেশি ভোটার। তাদের বড় অংশই জানেন না, গণভোট কী, কেন এই ভোট অনুষ্ঠিত হচ্ছে কিংবা এতে কীভাবে অংশ নিতে হবে।

সংসদ নির্বাচন সম্পর্কে ধারণা থাকলেও, একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোট তাদের কাছে এখনো অস্পষ্ট।

হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানসহ একাধিক চা-বাগান ঘুরে নারী ও পুরুষ শ্রমিক ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, আগামী ১২ ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এ তথ্য তারা জানেন। বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থীরাও নিয়মিত ভোট চাইতে আসছেন। কিন্তু গণভোট কী, কেন হচ্ছে কিংবা ভোটের দিন আলাদা কোনো ব্যালট বা সিদ্ধান্ত দিতে হবে, এ বিষয়ে কেউ তাদের কিছুই বলেননি।

একাধিক নারী শ্রমিক বলেন, আমরা কখনো গণভোট দেইনি। এই ভোট কী, কীভাবে দিতে হবে, এটা কেউ আমাদের জানায়নি। ভোটের দিন কী করতে হবে, তা নিয়েই ভয় ও দ্বিধা কাজ করছে।

চান্দপুর চা-বাগানের শ্রমিক নেতা কাঞ্চন পাত্র বলেন, গণভোট' শব্দটা আমরা খুব কমই শুনেছি। বিষয়টা যদি দেশের জন্য গুরুত্বপূর্ণ হয়, তাহলে চা শ্রমিকদের আগে জানানো দরকার। কারণ আমরাও দেশের নাগরিক, আমাদের ভোটের মূল্য আছে।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, খুব শিগগিরই চা-বাগানগুলোতে গণভোট বিষয়ে সচেতনতা ও প্রচারণা কার্যক্রম জোরদার করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.