Sylhet Today 24 PRINT

আরিফের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ জামায়াতের

সিলেটুডে ডেস্ক |  ১১ ফেব্রুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। পর্দাশীল নারীদের অবমাননা এবং ভোটকেন্দ্রে অবৈধ প্রভাব সৃষ্টির অভিযোগ করা হয় ।

আজ বুধবার বিকেলে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের বরাবরে এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ জমা দেন সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।

লিখিত অভিযোগে জামায়াত নেতারা উল্লেখ্য করেন, আরিফুল হক চৌধুরী তাঁর নির্বাচনী প্রচারণায় বোরকা পরিহিত নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন। তিনি ভোটারদের উদ্দেশে বলেছেন, বোরকা পরে কেন্দ্রে আসা যাবে না, আসলেও মুখ খুলতে হবে। জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, এই বক্তব্য ইসলাম ধর্ম এবং পর্দাশীল নারীদের ধর্মীয় অনুভূতির প্রতি চরম অবমাননাকর।

জামায়াত প্রতিনিধি দল আরও অভিযোগ করেন, সাংবাদিকদের পরিচয়পত্র (পাস কার্ড) সংগ্রহ করে যুবদল ও বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী অবৈধভাবে কাজ করছেন। এসব কার্ড ব্যবহার করে তাঁরা ভোটকেন্দ্রে গিয়ে কর্মকর্তাদের ওপর প্রভাব বিস্তার করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যে সন্দেহভাজন দুই ব্যক্তির কার্ড বাতিল করা হয়েছে। কেবল নিবন্ধিত ও প্রকৃত সাংবাদিকদেরই পরিচয়পত্র নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে জামায়াত।

সিলেট-১ আসনেও জামায়াতের এজেন্ট ও কর্মীদের চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় শিক্ষক ও সরকারি কর্মচারীদের ওপর চাপ সৃষ্টি করে নির্বাচনী প্রচারণায় নামানোর চেষ্টা চলছে বলেও জামায়াত নেতারা রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেন।

এদিকে, অভিযোগের বিষয়ে মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, আমি বলেছি ভোটাররা বোরকা পরে কেন্দ্রে আসুন, কিন্তু বুথের ভেতরে যেন শনাক্তকরণের জন্য বোরকা সরিয়ে ভোট প্রদান করেন। এটি জাল ভোট ঠেকানোর একটি কৌশল। ইতোমধ্যে জাল ভোটের পরিকল্পনা নিয়ে নানা তথ্য ছড়াচ্ছে, যা আমি নির্বাচনী কর্মকর্তাদের জানিয়েছি।

নির্বাচনী এলাকার ভৌগোলিক প্রেক্ষাপট উল্লেখ করে আরিফুল হক চৌধুরী আরও অভিযোগ করেন, সীমান্তবর্তী দুর্গম কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা হতে পারে। এমনকি অনেকে ভুয়া পুলিশের পোশাক তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে বলেও তিনি দাবি করেন। এসব এলাকায় বাড়তি নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

ভোটের মাত্র এক দিন আগে সিলেটে বিএনপি ও জামায়াতের এই পাল্টাপাল্টি অবস্থানে নির্বাচনী এলাকায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.