Sylhet Today 24 PRINT

‘বাংলাদেশের দুই ঝুঁকি- গণতন্ত্রহীনতা ও জঙ্গিবাদের উত্থান’

নিজস্ব প্রতিবেদক |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৬

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ অপার সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে জাতি হিসেবে আমরা দুটি গুরুতর সমস্যায় হুমকির সম্মুখীন। প্রথমটি হলো বাংলাদেশ একটি অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত হতে পারে। দ্বিতীয়টি হলো জঙ্গিবাদের উত্থান ঘটতে পারে। উগ্র ধর্মতান্ত্রিক জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠার অনেক লক্ষণ স্পষ্টভাবে ফুটে ওঠছে। দূরদর্শিতা ও সাহসিকতার সাথে সঠিকপথে অগ্রসর না হলে আমরা কর্তৃত্ববাদী ও জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হতে পারি।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘বাংলাদেশে রাজনৈতিক সংকটের টেকসই সমাধান ও জাতীয় সনদ’ শীর্ষক এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সুশাসনের জন্য নাগরিক সুজন সিলেট চ্যাপ্টারের উদ্যোগে ‘বাংলাদেশে রাজনৈতিক সংকটের টেকসই সমাধান ও জাতীয় সনদ’ শীর্ষক মতবিনিময় সভা সিলেট সিটি কর্পোরেশন সভা কক্ষে শনিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয় । সুশাসনের জন্য নাগরিক সুজন সিলেট চ্যাপ্টারের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ জিয়াউস শামস এলেন।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাবিপ্রবির অধ্যাপক কামাল আহমদ চৌধুরী, সিলেট জেলা আইনজীবী পরিষদের সাবেক সভাপতি এ ইউ শহিদুল ইসলাম শাহীন, সাংবাদিক আল আজাদ, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ইকু, এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, শাবিপ্রবির সহকারী অধ্যাপক তাহমিনা ইসলাম, শাবিপ্রবির সহকারী অধ্যাপক জোবেদা কনক, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি দাস, জামিল আহমদ চৌধুরী, হাছিনা বেগম চৌধুরী, এডভোকেট সৈয়দ কাওসার আহমদ, আব্দুর রহমান, নুরুননাহার বেবী ,জুরেজ আব্দুল্লাহ, মোস্তাক চৌধুরী, রবিউল ইসলাম প্রমুখ। এসময় সিলেট ইয়ুথ এন্ডিং হাঙ্গার এর লিডাররা উপস্থিত ছিলেন।

সুজনের মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, দেশে চলমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সংলাপের মাধ্যমে স্থায়ী সমাধান খুঁজে বের করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের রাজনৈতিক সংকট নিরসনেও জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য যথাসময়ে এবং সবার অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নেই। নির্বাচনে অনেক প্রতিবন্ধকতা আছে নির্বাচন সম্পর্কে আলাপ আলোচনার মাধ্যমে তৃনমূল মানুষকে সচেতন করতে হবে।

বক্তারা আরো বলেন,নির্বাচনকালীন সরকার ইস্যুতে আমাদের রাজনৈতিক দলগুলোর সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চা প্রয়োজন। বৃহত্তর পরিসরের সংলাপের মাধ্যমে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় সমূহ সমাধানের প্রচেষ্টা চালাতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.